বর্ষবরণে মাতোয়ারা দেশ

বর্ষবরণে মাতোয়ারা দেশ

ফন্ট সাইজ:

বর্ণাঢ্য আয়োজনে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩ সনকে। রাজধানী ঢাকাসহ সারা দেশে দিনব্যাপী উৎসব আনন্দে বরণ করা হয়েছে বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। ঐতিহ্যবাহী বর্ষবরণ, বৈশাখী শোভাযাত্রা, লোকজ পরিবেশনা ও কনসার্টসহ নানা আয়োজন ছিল দিনব্যাপী।

পহেলা বৈশাখের প্রথম প্রহরের শুরুতে ভোর ৬টায় রাজধানীর রমনা বটমূলে ছায়ানটের পরিবেশনার মধ্যদিয়ে বাংলা নববর্ষের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরই সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। একই সময় বর্ষবরণ পর্ষদের উদ্যোগে বাঙালির ঐতিহ্য ও শোভাযাত্রার মূল ভাবধারার ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে আলাদা একটি আয়োজন অনুষ্ঠিত হয় রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে।

বর্ষবরণের বিশেষ আয়োজন ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। এখানে ৫ বৈশাখ পর্যন্ত পাঁচদিনব্যাপী লোকজ উৎসব ও মেলার আয়োজন রয়েছে। ঢাকঢোল, লাঠিখেলা, জারি, সারি, গম্ভীরা, ভাওয়াইয়া, পুঁথিপাঠ, যাত্রাপালা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে অর্কেস্ট্রা, ধামাইল নৃত্য ও যাত্রাপালা মঞ্চস্থ হয়। এ ছাড়া বাংলা নববর্ষ- ১৪৩৩ বরণে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় জমকালো ব্যান্ড কনসার্ট। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত এই লাইভ কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড দলগুলো অংশ নিয়েছে। একইদিনে মানিক মিয়া এভিনিউয়ে উন্মুক্ত সংগীতানুষ্ঠানে একাধিক তারকা শিল্পী পারফর্ম করেছেন।

নগর তরুণ সংস্কৃতির নতুন ধারা হিসেবে কোর্টসাইড এলাকায় অনুষ্ঠিত হয়েছে কিউরেটেড সংগীত উৎসব ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’, যেখানে আধুনিক ব্যান্ড ও লোকসংগীত ফিউশনের মিশ্র পরিবেশনা করেছে। এ ছাড়া রাজধানীর বনানীতে ‘যাত্রা বিরতি’ আয়োজন করছে দুইদিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন ও লোকমেলার। সঙ্গে থাকছে ব্যান্ড দলের পারফর্ম।
রমনা বটমূলে ১৪ই এপ্রিল সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে ছায়ানট ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বাংলা নববর্ষ উপলক্ষে বাংলা একাডেমি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন কর্তৃক বাংলা একাডেমি প্রাঙ্গণে ১৪ থেকে ২০শে এপ্রিল পর্যন্ত সাতদিনব্যাপী নববর্ষের মেলা, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। সেই সঙ্গে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে ২০শে এপ্রিল থেকে ১৪ দিনব্যাপী ঐতিহ্যবাহী বৈশাখী মেলা আয়োজন করা হবে।

নাচ-গান আর নানা বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিএনপি’র সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন (জাসাস)। মঙ্গলবার রাজধানীর রমনা পার্কে ছায়ানটের অনুষ্ঠান শেষে শুরু হয় আয়োজনটি। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশনা করে সংগঠনটির শিল্পীরা। সমন্বয়ে ছিলেন সংগীতশিল্পী ও জাসাসের যুগ্ম আহ্বায়ক ইথুন বাবু।

‘নববর্ষের নব স্বপ্নে নব উদ্যমে জাগো’ স্লোগানকে সামনে রেখে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে দেশীয় সাংস্কৃতিক সংসদ। সংগঠনটির ব্যানারে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয় জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় কয়েকজন নেতা। মঙ্গলবার সকাল ৮টায় জাতীয় প্রেস ক্লাব থেকে রমনা পার্ক অভিমুখে ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু হয়। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে রমনার বটমূলে সকাল ১০টা থেকে শুরু হয় বৈশাখী উৎসব।

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর সড়কে ৩৫ মিনিটের শোভাযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাক ও বাদ্যের তালে তালে সড়কে হেঁটে হেঁটে নতুন বছরকে স্বাগত জানিয়েছে দলটির নেতাকর্মীরা। শোভাযাত্রা থেকে তারা সম্প্রীতির বার্তা দিয়েছেন দেশবাসীকে। মঙ্গলবার পয়লা বৈশাখের বিকালে ঢাকার বাংলামোটর থেকে পরীবাগ পর্যন্ত এলাকায় শোভাযাত্রার আয়োজন করে এনসিপি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন