চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল নিয়ে আরও তিনটি জাহাজ ভিড়েছে। বর্তমানে এসব জাহাজ থেকে তেল খালাসের কাজ চলছে। মঙ্গলবার সকাল ও রাতে সিঙ্গাপুর থেকে জেট ফুয়েল ও ডিজেল নিয়ে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, এমটি গ্রেট প্রিন্সেস জাহাজটি মঙ্গলবার সকাল ৮টা থেকে ডলফিন জেটি-৬-এ জ্বালানি খালাস করছে। জাহাজটি সিঙ্গাপুর থেকে প্রায় ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এসেছে। ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমটি লুসিয়া সোলিস জাহাজটি ৯ই এপ্রিল মালয়েশিয়া থেকে রওনা দিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১১টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জাহাজটিতে প্রায় ৩৪ হাজার টন ডিজেল রয়েছে। বর্তমানে লাইটারেজ প্রক্রিয়ায় জ্বালানি খালাস চলছে এবং বুধবার দুপুরে এটি ডলফিন জেটি-৫-এ ভিড়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরের গভীরতাজনিত সমস্যা থাকায় বড় জাহাজ প্রথমে বহির্নোঙরে পৌঁছে কিছু তেল খালাস করে। পরে বাকিগুলো জেটিতে ভেড়ানোর পর খালাস করা হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণ-সংযোগ) ফারজিন হাসান মৌমিতা জানান, তিনটি জাহাজের মধ্যে ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের সরবরাহ করা ‘এমটি গ্রেট প্রিন্সেস’ জাহাজে রয়েছে ১১ হাজার টন জেট ফুয়েল। বাকি দুটি জাহাজের মধ্যে ‘এমটি টর্ম দামিনি’ জাহাজে রয়েছে প্রায় ৩২ হাজার টন ডিজেল, যা সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। ‘এমটি লুসিয়া সলিস’ জাহাজে এসেছে প্রায় ৩৪ হাজার টন ডিজেল; সরবরাহকারী কোম্পানি সিঙ্গাপুরভিত্তিক ভিটল এশিয়া। বিপিসি’র তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশে ডিজেলের মোট চাহিদা প্রায় চার লাখ টন। এই চাহিদা মেটাতে মাস জুড়ে একাধিক চালান আনার পরিকল্পনা রয়েছে।
ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ৩ জাহাজ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
