আধুনিক হচ্ছে গাকৃবি’র নিরাপত্তা ব্যবস্থা

ফন্ট সাইজ:

আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ক্যাম্পাসে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ। অনুষ্ঠানটি উদ্বোধনী ও টেকনিক্যাল দুই পর্বে বিভক্ত ছিল। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপত্তাকর্মীদের পেশাগত কর্তব্য, দায়িত্ব এবং দক্ষতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য একটি নিরাপদ পরিবেশ অপরিহার্য। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মীদের সততা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। একইসঙ্গে তিনি আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে অনুষ্ঠিত টেকনিক্যাল সেশনে প্রশিক্ষণ প্রদান করেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্ মৃধা। এ সেশনে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা, নিরাপত্তাকর্মীদের দায়িত্ব ও কর্তব্য, অফিস ম্যানেজমেন্ট, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দক্ষতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। সার্বিকভাবে, প্রশিক্ষণ কর্মসূচিটি অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা ও দায়িত্ববোধ সঞ্চার করে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও মানবিক করে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন