৫ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে

সংসদে প্রধানমন্ত্রী

৫ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে

ফন্ট সাইজ:

আগামী ১ জুলাই হতে ৫ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান সরকারের ইশতেহারে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনার ওপর গুরুত্ব প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা তিন লাখ ছিয়াত্তর হাজার চারশত উননব্বই জন এবং তন্মধ্যে চলমান ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র আওতায় ইতোমধ্যে এক লাখ ত্রিশ হাজার জন শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।’’

তিনি বলেন, ‘আগামী ১ জুলাই হতে ৫ বছর মেয়াদি 'পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি' শুরু হতে যাচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে।’

সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের লিখিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের পর্যটন খাতকে দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিতভাবে এগিয়ে নেয়ার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। এ মহাপরিকল্পনা প্রণয়নে কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পর্যটন খাতের উন্নয়নকে বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে। একই সঙ্গে ‘পটুয়াখালী জেলার কুয়াকাটা, চট্টগ্রাম জেলার পতেঙ্গা-আনোয়ারা সি-বিচ-এর মৌলিক সুবিধাদি উন্নয়ন’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের নিমিত্ত সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।’’

তিনি বলেন, ‘‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক কুয়াকাটা সংলগ্ন ৭টি উপজেলা (গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালি, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী এবং তালতলী) নিয়ে 'Payra Kuakata Comprehensive Plan Focusing on Eco-Tourism’ শীর্ষক গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমানে ‘অ্যাকশন এরিয়া প্ল্যান’ তৈরি করা হচ্ছে। ‘অ্যাকশন এরিয়া প্ল্যান’-এর পর্যটনের অংশটুকু বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হবে। এটি চূড়ান্ত হলে কলাপাড়া উপজেলাস্থ কুয়াকাটার পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা করছি।’’

সংসদ সদস্য মো. নূরুল ইসলামের লিখিত আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘‘দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বিএনপি'র নির্বাচনী ইশতেহারে রয়েছে। এছাড়াও ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকার ‘উপকূলীয় অঞ্চল নীতি ২০০৫’ প্রণয়ন করে, যা উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’’

তিনি বলেন, ‘বর্তমান সরকার Maritime Spatial Planning (MSP) বা সমুদ্র অঞ্চল পরিকল্পনা কার্যক্রম ও এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতোমধ্যেই পদক্ষেপ নিয়েছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থবছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন