পায়ে ভর পাচ্ছেন না ড. মাহাথির মোহাম্মদ

পায়ে ভর পাচ্ছেন না ড. মাহাথির মোহাম্মদ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার শতবর্ষী সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। চলতি বছরের জানুয়ারিতে বাড়িতে পড়ে গিয়ে হিপ ফ্র্যাকচারের শিকার হন তিনি। তিন মাসেরও বেশি সময় পেরিয়ে গেলে আহত পা এখনও সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না এই প্রবীণ রাজনীতিক।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত "পডকাস্ট ড. এম"-এ স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে খোলামেলা কথা বলেন ড. মাহাথির মোহাম্মদ। দেশটির দি স্টার , নিউ স্ট্রেইটস টাইম, ফ্রি মালয়েশিয়া টুডে, সিনার হারিয়ান, মালয় মেইলসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, তার হিপ জয়েন্ট — অর্থাৎ পা ও পেশি শ্রোণীর সংযোগস্থলে — ফ্র্যাকচার হয়েছিল, যা এখন অনেকটা সেরে এলেও তার পা এখনও স্বাভাবিক হয়নি। তার ভাষায়, "আমি দাঁড়াতে পারছি, তবে পা-টা এখনও ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছি না — যেন পা-টা নেইই।"

গত ৬ জানুয়ারি ভোর সাড়ে সাতটার দিকে বাড়িতে হাঁটার ব্যায়াম করার সময় হঠাৎ তাঁর ডান পা শক্তি হারিয়ে ফেলে। এবং তিনি মাটিতে পড়ে যান ফলে হাড় ও জয়েন্টে গুরুতর ফ্র্যাকচার হয়। পাশাপাশি মাথায়ও সামান্য কেটে যায়। ব্যথার তীব্রতা এতটাই বেশি ছিল যে তাৎক্ষণিকভাবে তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়। চিকিৎসকরা ব্যথা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও প্রথম দিকে তা বেশ কঠিন হয়ে পড়েছিল। কয়েক দিন পর ব্যথা কিছুটা কমলেও তা এখনও পুরোপুরি যায়নি বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘ চিকিৎসা ও ফিজিওথেরাপির পর চিকিৎসক দল তার অগ্রগতিতে সন্তুষ্ট হয়ে গত ৬ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। তবে বাড়িতে ফেরার পরেও তিনি আইজেএন মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে থাকেন। দীর্ঘ বিশ্রামের পর গত ২৫ মার্চ তিনি আবার তার অফিসে কাজে যোগ দিয়েছিলেন।

উল্লেখ্য, ড. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার ইতিহাসে দীর্ঘতম মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী নেতা। শতবর্ষ বয়সেও তিনি সক্রিয় রাজনীতি ও জনজীবনে যুক্ত থাকার চেষ্টা করে চলেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন