জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর কবর জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সবার প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করবো।
তিনি বলেন, দেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। কাজেই সনদ যেটি বিএনপি সই করে এসেছে, সেই সনদে অন্যরাও সই করেছে। বিরোধী দলেরা প্রথমে দেখলাম দল সই করবে কি-না? ঢিলেঢালা। তাদের সঙ্গে একটি দল তখন সই-ই করেনি। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তড়িঘড়ি সই করেছে।
তারেক রহমান বলেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ জনকর্মসূচিতে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে। কাজেই আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান। এজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, জনসম্পৃক্ত কর্মসূচিতে কেউ যাতে বাধাগ্রস্ত না করতে পারে। এ দেশকে আমাদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে ঠিক করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আমরাই এ দেশ গড়ে তুলবো।
এসময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সাংসদ আবদুস সালাম পিন্টু প্রমুৃক উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী সন্তোষে মাওলানা ভাসানী যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি দেখেন। প্রধানমন্ত্রী সেখানে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এর আগে প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলার শহরের পৌর উদ্যোনে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন। তিনি মেলার স্টল ঘুরে ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী জোহরের নামাজ আদায় ও মধ্যহ্ন ভোজ করতে সার্কিট হাউজে যান।

BB
১ মাস আগেI think they will implement what they agreed and signed on, not the revised one (by Dr. Yunus, Ali Riyaz) after the signing.