বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থগিত থাকা ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
যাত্রীদের চাহিদা এবং প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় নিয়ে আসন্ন হজ কার্যক্রম সমাপ্তির পর আগামী ১ জুলাই থেকে উক্ত রুটে বিমানের ফ্লাইট পুনরায় পরিচালনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি শনিবার ও মঙ্গলবার চলাচল করবে এবং ফ্লাইট দুটি ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টার গমন করবে।
বিমান জানিয়েছে, ফ্লাইট দু’টি ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় সকাল ১০টা ৫৫ মিনিটে আর সিলেট থেকে ছাড়বে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে। আর ম্যানচেস্টার পৌঁছাবে স্থানীয় সময় সন্ধ্যা ১০টা ৫৫ মিনিটে। আবার ম্যানচেস্টার থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৯টায়। সিলেট পৌঁছাবে পরদিন স্থানীয় সময় দুপুর ১১টা ৫০ মিনিট। ঢাকা পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সীমিত বহরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গত ১ মার্চ থেকে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। সরকারের দূরদর্শী দিকনির্দেশনা এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রুটটি পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করেছে, যা যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়সহ সংশ্লিষ্ট যাত্রীদের ভ্রমণকে আরও সহজতর করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট পুনরায় চালু
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬, ১ঃ০৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
