বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ফন্ট সাইজ:

বিশ্বকাপের পর্দা উঠতে বাকি মাত্র মাস দুই। এমন সময়ে গভীর উৎকণ্ঠা ভর করেছে আর্জেন্টিনা শিবিরে। লন্ডনের মাঠ থেকে মিলানের গ্যালারি, কয়েক ঘণ্টার মধ্যেই উড়ে এলো একের পর এক দুঃসংবাদ। লিওনেল স্কালোনি যখন বিশ্বকাপের দল গোছাতে ব্যস্ত, তখন দলের অন্যতম তিন গুরুত্বপূর্ণ সদস্যের চোটের খবর তার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। সেই তিনজন হলেন রক্ষণভাগের ক্রিস্টিয়ান রোমেরো, আক্রমণভাগের লাউতারো মার্টিনেজ ও গোলপোস্টের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার সান্ডারল্যান্ডের মুখোমুখি হয় টটেনহ্যাম হটস্পার। ৬৪তম মিনিটে এক অনাকাক্সিক্ষত দৃশ্য থমকে দেয় আর্জেন্টাইন সমর্থকদের হৃদয়। সান্ডারল্যান্ড ফরোয়ার্ড ব্রায়ান ব্রবির ধাক্কায় নিজ দলের গোলকিপার আন্তোনিন কিনস্কির সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় রোমেরোর। হাঁটুর প্রচণ্ড আঘাতে মাঠেই লুটিয়ে পড়েন এই রক্ষণভাগের খেলোয়াড়। তার চোখের জলে মাঠ ছাড়ার দৃশ্য বড় কোনো বিপদেরই ইঙ্গিত দিচ্ছে। স্পার্সের নতুন কোচ রবের্তো দে জের্বি এ চোটকে আখ্যা দেন ‘খুবই বাজে’ হিসেবে। দুর্ভাগ্য একা আসেনি। রোমেরোর পাশাপাশি স্কালোনির কপালে ভাঁজ বাড়িয়েছেন দিবু মার্টিনেজ এবং গোলমেশিন লাউতারো মার্টিনেজ। ইন্টার মিলানের হয়ে খেলতে গিয়ে সেই পুরনো পেশির চোট ফিরে এসেছে লাউতারোর। এর আগে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে অ্যাস্টন ভিলার শুরুর একাদশে থেকে ছিটকে যান এমিলিয়ানো মার্টিনেজও। বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যাচের আগে অস্বস্তিবোধ করায় ম্যাচ খেলতে মাঠে নামতে পারেননি। এ বিষয়ে ভিলা কোচ উনাই এমেরি বলেন, ওয়ার্মআপের সময় সে আমাদের জানায়, কাফ মাসলে অস্বস্তি বোধ করছে। সেখানে ব্যথা ছিল। আগামী ১১ই জুন পর্দা উঠবে বিশ্বকাপ আসরের, আর ৩০ মে’র মধ্যে জমা দিতে হবে চূড়ান্ত স্কোয়াড। হাতে সময় একদমই সামান্য। আর্জেন্টাইন সাংবাদিক গ্যাস্টন এদুলের মতে, রোমেরোর চোট গুরুতর হলে তাদের রক্ষণভাগে যে শূন্যতা তৈরি হবে, তা অপূরণীয়।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন