চ্যাম্পিয়ন্স লীগে আজ অগ্নিপরীক্ষা বার্সেলোনার। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে কাতালানরা। ২-০ গোলে পিছিয়ে থেকে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোর দুর্গ ভেদ করা খুব একটা সহজ কাজ হবে না হান্সি ফ্লিকের দলের জন্য। এমন পরিস্থিতিতে দিয়েগো সিমিওনে তো ‘বাস পার্ক’ অথবা অত্যন্ত রক্ষণাত্মক খেলার জন্য এমনিতেই সুপরিচিত। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে রাত ১টায়।
ক্যাম্প ন্যুতে গত বুধবারের রাতটি ছিল বার্সার জন্য দুঃস্বপ্নের। উদীয়মান ডিফেন্ডার পাউ কুবারসি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলকে চেপে ধরে অ্যাটলেটিকো। হুলিয়ান আলভারেজের চোখ ধাঁধানো ফ্রি-কিক এবং আলেকজান্ডার সরলথের লক্ষ্যভেদে জয় ছিনিয়ে নেয় সিমিওনের দল। তবে বার্সা ভক্তদের জন্য আশার আলো হয়ে আছে সবশেষ লা লিগা ম্যাচ। এস্পানিওলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যরে জানান দিয়েছে কাতালানরা। সেদিনের জয়ের পর আজকের ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসের কমতি ছিল না ফ্লিকের গলায়। বার্সা বস বলেন, ‘অ্যাটলেটিকো দারুণ দল, তবে আমরাও দুর্দান্ত। আমরা জয়ের জন্যই লড়বো। আমরা সেমিফাইনালে যেতে চাই এবং এর জন্য দলের কাছ থেকে একটি বিশাল পারফর্মেন্স প্রয়োজন।’
এদিকে, ঘরের মাঠে দারুণ শক্তিশালী অ্যাটলেটিকো। চলতি মৌসুমে নিজেদের মাঠে খেলা সব ম্যাচে অন্তত একবার তারা লক্ষ্যভেদ করেছে। অবশ্য গত সপ্তাহেই সেভিয়ার কাছে ২-১ গোলে হার দেখে তারা। তবে সেই ম্যাচে নিয়মিতদের থেকে ১০ জনকে বিশ্রাম দেন সিমিওনে। লক্ষ্য একটিই, আজ বার্সার বিপক্ষে তরতাজা দল নামানো। সেদিনের ম্যাচের পর তা প্রত্যক্ষভাবে স্বীকার করেন আর্জেন্টাইন কোচ নিজেও। বলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে।’ অ্যাটলেটিকো শিবিরে দুশ্চিন্তার নাম রক্ষণভাগ। চোটের কারণে ডেভিড হাঙ্কো এবং কার্ডের কারণে নিষিদ্ধ মার্ক পুবিল। সংশয় রয়েছে হোসে গিমেনেজকে নিয়েও। তবে আশার বিষয় হলো, গোলকিপার ইয়ান ওবলাক চোট কাটিয়ে ফিরতে পারেন। অন্যদিকে, আগের লেগের কার্ডের কারণে কুবারসিকে পাচ্ছে না বার্সা। রক্ষণ সামলাতে রোনাল্ড আরাউহো অথবা এরিক গার্সিয়ার ওপর ভরসা করতে হবে ফ্লিককে। রাফিনহা এবং ক্রিস্টেনসেনের অনুপস্থিতি আক্রমণ ও রক্ষণে কিছুটা হলেও ভোগাতে পারে আজকের সফরকারীদের।
ইতিহাস বলছে, প্রথম লেগ জেতার পর অনেক সময় দ্বিতীয় লেগে খেই হারিয়ে ফেলে অ্যাটলেটিকো, যেমনটা গতবার বরুশিরা ডর্টমুন্ডের বিপক্ষে দেখা যায়। সেবার এই কোয়ার্টারেই প্রথম লেগে ২-১ গোলে জিতে ডর্টমুন্ডের মাঠে ৪-২ গোলে মুখ থুবড়ে পড়ে মাদ্রিদের ক্লাবটি। আজ বার্সাও তেমন কিছুই করতে চাইবে।
অ্যানফিল্ডে রূপকথার অপেক্ষায় লিভারপুলও
বার্সার মতো একই দশা লিভারপুলেরও। প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) মাঠে ২-০ গোলে হারের পর আজ ঘরের মাঠে ফিরতি লেগে নামছে অলরেডরা। রাত ১টায় শুরু হবে এ ম্যাচও। গত সপ্তাহে মোহাম্মদ সালাহকে বেঞ্চে বসিয়ে রক্ষণাত্মক কৌশলে খেলেও হার এড়াতে পারেনি লিভারপুল। খিচা কাভারেস্কিয়া ও দিজিরে দুয়ের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। তবে প্রিমিয়ার লীগে গত শনিবার ফুলহ্যামকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লিভারপুল। অন্যদিকে, পিএসজি শিবির বেশ ফুরফুরে।
লীগ ম্যাচ স্থগিত থাকায় বিশ্রাম পেয়েছে তারা। সেইসঙ্গে দলে ফিরছেন ব্র্যাডলি বারকোলা। বিপরীতে কার্টিস জোনসসহ বেশ কিছু চোট নিয়ে দুশ্চিন্তা আছে স্লটের।
