চেলসিকে গুঁড়িয়ে আর্সেনালকে সিটির হুঙ্কার

চেলসিকে গুঁড়িয়ে আর্সেনালকে সিটির হুঙ্কার

ফন্ট সাইজ:

ম্যাচের পর স্ট্যামফোর্ড ব্রিজের গ্যালারি থেকে ম্যানচেস্টার সিটির সমর্থকরা গলা ফাটাচ্ছে, ‘আর ইউ ওয়াচিং আর্সেনাল?’ ইংলিশ প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা গানারদের এভাবেই নিজেদের অবস্থান জানান দিচ্ছিলেন সিটিজেন ভক্তরা। দেবে না-ই বা কেন? আজ স্বাগতিক চেলসিকে যে ৩-০ গোলে স্রেফ উড়িয়ে দিয়েছে সিটি। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের চূড়ায় থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ৬-এ কমিয়ে এনেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধ ছিল কিছুটা ম্যাড়ম্যাড়ে। কোল পালমার আর পেদ্রো নেতোদের আক্রমণ রুখে দিয়ে রক্ষণভাগ অটুট রাখে সফরকারী সিটি। তবে বিরতির পর ড্রেসিংরুম থেকে ফিরেই অন্য এক সিটির দেখা মেলে। ৫০তম মিনিটে নিকো ও’রাইলির চমৎকার হেডে ডেডলক ভাঙে সিটিজেনরা। কয়েক মিনিটের মধ্যেই ক্লাবের হয়ে নিজের প্রথম লীগ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক গেহি। ম্যাচের শেষ গোলটি করেন জেরেমি ডকু। চেলসি মিডফিল্ডার ময়েসেস কায়সেদোর মারাত্মক ভুলের সুযোগ নিয়ে ৩-০ গোলের জয় নিশ্চিত করেন এ বেলজিয়ান ফরোয়ার্ড।

এখন ফুটবল বিশ্বের নজর আগামী সপ্তাহের সেই অলিখিত ফাইনালে। ইত্তিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ঘরের মাঠে জয় তুলে নিতে পারলে সিটির ব্যবধান কমে দাঁড়াবে মাত্র ৩-এ, হাতে থাকবে একটি বাড়তি ম্যাচ। শিরোপা লড়াই কি শেষ পর্যন্ত সিটির হাতেই যাবে, নাকি দুই যুগ পর আর্সেনাল প্রিমিয়ার লীগ শিরোপার স্বাদ পাবে, সেসব সময়ই বলে দেবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন