গণ-আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের দুই বছর পরও আমরা সবাই এক জায়গায় আছি। আমরা সেই ঐক্যের জায়গায় আছি যে, বাংলাদেশকে সংস্কারের মধ্যদিয়ে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বিএনপি সরকার। সরকার কখনো সংস্কার বাস্তবায়ন করবে না উল্লেখ করে তিনি বলেন, আমরা চেয়েছিলাম সংসদে সবকিছুর সমাধান হবে। কিন্তু সংসদকে ব্যর্থ করে দেয়া হয়েছে। এবার আমাদের গণআন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ-আন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না। তবে এবার আমাদের পরিকল্পনা মোতাবেক রাজপথে নামতে হবে। এবার আর ব্যর্থ কিংবা অর্ধেক সফল হতে চাই না। নাহিদ ইসলাম বলেন, সংস্কার কোনো দলের না। এটা বাংলাদেশ রক্ষার দাবি। আমরা ঐক্যবদ্ধ আছি। এবার আমরা মঞ্চে যারা বসে আছি তারা সামনে দাঁড়াবো। গুলি আসলে আগে আমাদের বুকে লাগবে। আপনারা সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সংস্কার বাস্তবায়ন করা হবে। বিএনপি কিংবা কোনো বিদেশি শক্তি বাধা দিলে তাদের পরাজিত করা হবে। শহীদ পরিবার নিয়ে সরকার ব্যবহার করছে উল্লেখ করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জুলাই শহীদ ও আহতরা এদেশের সম্পদ। তাদের নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। আমাদের দাবি সমর্থন করলে আমাদের সহযোগিতা করবেন। কিন্তু সরকার কখনো জুলাইযোদ্ধা, কখনো একাত্তরের নাম ব্যবহার করে তাদের বিভিন্ন কাজের বৈধতা দিচ্ছে। কিন্তু চব্বিশ এবং একাত্তর কোনোটিকেই তারা ধারণ করে না।
বিএনপি সরকার গঠনের পর থেকেই বাংলাদেশ পেছনের দিকে হাঁটছে অভিযোগ করে নাহিদ ইসলাম বলেন, এদেশের গণআন্দোলনের সুফল বিএনপি ভোগ করেছে। নব্বই-এর গণ-অভ্যুত্থানের সুফল তারা ভোগ করেছে। কিন্তু ক্ষমতায় বসে তিন জোটের রূপরেখাকে ছুড়ে ফেলে দিয়েছে। এখনো জুলাই সনদ এবং অধ্যাদেশ প্রত্যাখ্যান করছে।
অনুষ্ঠানে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গণআন্দোলন ছাড়া সরকার সংস্কার বাস্তবায়ন করবে না: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
