ধামরাইয়ে নবনির্মিত কাঁচা মাটির রাস্তাটি রক্ষার দাবিতে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল দুপুরে ধামরাইয়ের কৃষ্ণপুরা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ভুক্তয়োগীরা জানান, ধামরাইয়ের কৃষ্ণপুরা থেকে নওয়াপাড়া পাকা সড়ক পর্যন্ত প্রায় ৪০০ গজ এলাকায় চলাচলের রাস্তা না থাকায় কৃষ্ণপুরা, নওয়াপাড়া, কান্দাপাড়াসহ চার-পাঁচটি গ্রামের মানুষ যাতায়াত করতে পারছিল না। তারা সেখানে দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছিল। কিন্তু স্থানীয় বারবারিয়া এলাকার অনন্ত দাস ও নাজিম উদ্দিনের বাধার কারণে তাদের জমির সীমান্ত ঘেঁষে রাস্তাটি হচ্ছিলো না। এতে একটু বৃষ্টি হলেই ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দুর্ভোগ পোহাতে হতো। মানববন্ধনে স্থানীয় আইয়ুব আলী, বাচ্চু মিয়া, আব্দুল আজিজসহ অনেকে জানান- রাস্তাটি করতে সহযোগিতা করার জন্য অনন্ত দাস ও নাজিম উদ্দিনকে কয়েক দফায় অনুরোধ করা হয়। কিন্তু তারা তাদের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ করতে দিবে না বলে জানিয়ে দেয়। পরে গ্রামবাসী একত্রিত হয়ে গত শনিবার ভেকু মেশিনের মাধ্যমে সেখানে মাটির রাস্তা নির্মাণ করেন। এরপরই অনন্ত দাস ওই নবনির্মিত রাস্তাটি ভেঙে ফেলবেন বলে হুমকি দিয়েছেন। এদিকে রাস্তা ভেঙে ফেলার হুমকির খবর পেয়ে এলাকার শত শত নারী-পুরুষ গতকাল দুপুরে নওয়াপাড়া পাকা সড়কে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। এ বিষয়ে অনন্ত দাস সাংবাদিকদের বলেন, আমাদের না জানিয়ে এলাকার কিছু মানুষ জোরপূর্বক আমাদের জমির উপর দিয়ে মাটির রাস্তা নির্মাণ করেছে। এ বিষয়ে আমি থানায় লিখিত অভিযোগ করেছি। এ ব্যাপারে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, জোরপূর্বক রাস্তা নির্মাণের বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ধামরাইয়ে রাস্তা রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
১৩ এপ্রিল (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
