পিরোজপুরের নেছারাবাদে সিজারিয়ান অপারেশনে একসঙ্গে তিন কন্যাসন্তানের জন্ম হয়েছে দিনমজুর পরিবারের ঘরে। তবে জন্মের পর নবজাতক তিনটিকে দেখে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেড় হাজার টাকা ফি নেয়ায় বিষয়টি স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। জানা গেছে, উপজেলার বালিহারী গ্রামের দিনমজুর মো. শরিফুল ইসলাম উজ্জ্বলের স্ত্রী মোসা. নুসরাত জাহান গত বৃহস্পতিবার একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিনটি কন্যাসন্তানের জন্ম দেন। জন্মের সময় নবজাতক তিনটি স্বাভাবিক থাকলেও স্বজনরা উদ্বিগ্ন হয়ে শিশুদের ওই হাসপাতালের নিচতলায় চেম্বার করা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. হোসাইন আহমেদের কাছে নিয়ে যান। ডা. হোসাইন আহমেদ শিশু তিনটিকে দেখে জনপ্রতি ৫০০ টাকা করে মোট এক হাজার পাঁচশত টাকা ফি নেন। এ সময় উজ্জ্বল কিছুটা কম নেয়ার অনুরোধ জানালেও নির্ধারিত ফি অনুযায়ী তিন নবজাতকের জন্য পুরো অর্থই নেয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. মো. হোসাইন মুন্সীগঞ্জ থেকে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার নেছারাবাদের ওই হাসপাতালে এসে নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন। হাসপাতালের দায়িত্বে থাকা মোসা. শারমিন নামে এক কর্মী জানান, তিনি শিশু বিশেষজ্ঞ চিকিৎসক এবং তার ফি জনপ্রতি ৫০০ টাকা। হাসপাতালের সামনে টাঙানো একটি ফ্লেক্স ব্যানারে দেখা যায়, হোসাইন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখার পাশাপাশি মানবদেহের বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন বলে উল্লেখ রয়েছে। ব্যানারে তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), ডিডিএইচ (শিশু স্বাস্থ্য) এবং কর্মস্থল হিসেবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কনসালটেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। নুসরাত জাহানের স্বামী উজ্জ্বল বলেন- আমি একজন বিদ্যুৎ মিস্ত্রি। বাচ্চাদের জন্মের পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাতে হয়েছে, এজন্য দেড় হাজার টাকা দিতে হয়েছে। আল্লাহর রহমতে স্ত্রী ও সন্তানরা এখন কিছুটা সুস্থ আছে। তবে হাসপাতালের খরচ ও বাচ্চাদের পরিচর্যা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান বলেন- একজন চিকিৎসকের উচিত রোগীর কষ্ট বোঝা, আন্তরিকতার সঙ্গে সেবা দেয়া। সবচেয়ে বড় বিষয় মানবিকতা ও উদারতা। তিনি আরও বলেন- দিনমজুর পরিবারের কাছ থেকে এভাবে ফি নেয়াটা ঠিক হয়নি।
তিন নবজাতক দেখতে গিয়ে দেড় হাজার টাকা ফি, চিকিৎসককে ঘিরে আলোচনা
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
