মানিকগঞ্জের হরিরামপুরে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের মামলায় এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত দুইজন হলো- উপজেলার গালা ইউনিয়নের কালই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে ইউপি সদস্য মো. আলী হোসেন (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের উভাজানী গ্রামের মাইন উদ্দিন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। হরিরামপুর থানার ওসি বলেন, গত শুক্রবার থানার এক অফিসার ফোর্সসহ কালই গ্রামে অভিযানে গেলে আলী মেম্বার তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং সরকারি কাজে বাধা দেন। পরে আলী ও আতাহারকে রাতেই গ্রেপ্তার ও মামলা রুজু করা হয়। গ্রেপ্তার আলীর নামে একাধিক চাঁদাবাজি ও মারামারির মামলা রয়েছে। তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।
হরিরামপুরে পুলিশের কাজে বাধা, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
১২ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
