লালমোহনে বরাদ্দের চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ-মানববন্ধন

লালমোহনে বরাদ্দের চাল না পেয়ে জেলেদের বিক্ষোভ-মানববন্ধন

ফন্ট সাইজ:

ভোলার লালমোহন উপজেলায় বরাদ্দের মৎস্য ভিজিএফের চাল না পেয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলেরা। শুক্রবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের পাটোয়ারীরহাট সংলগ্ন কোবখালী মৎস্যঘাটে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার শতাধিক কর্মহীন জেলে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কোবখালী মৎস্যঘাটের জেলে মো. সালাউদ্দিন দালাল, মো. ইলিয়াস দালাল, রফিক মাঝি, ফিরোজ হাওলাদার, আব্দুর রশিদ মাঝি, সিরাজ ও লোকমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এ সময় ক্ষোভ প্রকাশ করে জেলেরা বলেন, আমরা নিবন্ধিত জেলে। চলমান দুই মাসের নিষেধাজ্ঞা মেনে আমরা নদীতে মাছ ধরা থেকে বিরত রয়েছি। যার ফলে আমরা কর্মহীন হয়ে পড়েছি। এতে করে আমাদের সংসার চালাতে কষ্ট হচ্ছে। তবে নিষেধাজ্ঞার ৪০ দিন পার হলেও আমরা এখনো মৎস্য ভিজিএফের প্রথম কিস্তির চালই পাইনি। কবে চাল পাবো তাও বলছেন না ইউপি চেয়ারম্যান। তিনি চাল বিতরণ নিয়ে গড়িমসি করছেন। উপজেলা মৎস্য অফিসও জেলেদের চাল পাওয়ার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ ব্যাপারে ধলীগৌরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান জানান, ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে তাদেরকে মোট কার্ডের ৬০ শতাংশ দেয়ার জন্য বলা হয়েছে। তারা এর মধ্যে কিছু তালিকা দিয়েছে, এখনো কিছু তালিকা বাকি রয়েছে। যার জন্য জেলেদের চাল বিতরণ করা সম্ভব হয়নি।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বলেন, ঈদের আগেই চাল দেয়ার কথা চেয়ারম্যানকে বলেছি। মৎস্য অফিস থেকে চালের ডিও অনেক আগেই দেয়া হয়েছে। চেয়ারম্যান চাল দিতে কেন গড়িমসি করছেন তা জানা নেই। এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, জেলেদের তালিকা প্রস্তুত করতে দেরি হয়েছে। আশা করছি রোববারের মধ্যে জেলেদের কার্ড দেখে চাল বিতরণ শুরু করা হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন