হঠাৎ করেই মোহামেডানের সঙ্গে সর্ম্পক ছিন্ন করে নিজ দেশে পাড়ি জমান মুজাফফর মোজাফফরভ। যাওয়ার আগে এক ফেসবুক পোস্টে উজবেকিস্তানের এই মিডফিল্ডার লিখেন, ‘মোহামেডানে সাড়ে ৪ বছর ধরে আছি। একসঙ্গে আমরা অনেক কিছু জিতেছি। এই ক্লাবে থাকতে পেরে আমি গর্বিত। অনেক রেকর্ড ও ইতিহাস লিখেছি আমরা। সবকিছুর জন্য ধন্যবাদ। পারিবারিক কারণে ক্লাব ছেড়ে যাচ্ছি। মোহামেডানকে আমি কখনোই ভুলবো না।’ সত্যিই ভুলতে পারেননি। মাস খানেকের ব্যবধানে আবারো মোহামেডানে ফিরেছেন। মাঠেও নেমেছেন সাদা-কালোদের হয়ে। গতকাল তার অলিম্পিক গোলে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে লিডও নিয়েছিল মোহামেডান। যদিও দিয়াবাতে ম্যাজিকে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে হারতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে।
প্রায় এক মাসের বিরতির পর গতকাল মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লীগ। ফেরার মঞ্চটা সাজানো হয়েছে ঢাকা ডার্বি দিয়ে। প্রথম ডার্বিতে পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে আবাহনীকে ৩-২ গোলে হারিয়েছিল সাদা-কালো জার্সিধারীরা। মাঝের সময়টাতে মোজাফফরভের চলে যাওয়াতে গতি হারায় মোহামেডানর। সঙ্গে বেতন না পাওয়ায় ফুটবলাররা বেশ কয়েকবার অনুশীলন বয়কট করেন। বিপর্যস্ত মোহামেডান গত ৬ ম্যাচ ধরে জয়হীন। তবু প্রতিপক্ষ যদি আবাহনী হয়, তাহলে সাদা-কালোদের অতীত আপনার কাছে ঠুনকোই মনে হবে। ফিরতি দেখায় এবার খেলার শুরুতেই তা বুঝিয়ে দেন মুজাফফর মুজাফফরভ। তৃতীয় মিনিট কর্নার থেকে অলিম্পিক গোল করে মোহামেডানকে এগিয়ে দেন তিনি। সেই লিড ধরে রাখা যে কঠিন হবে সাদা-কালোদের জন্য আবাহনীর কৌশলেই তার ইঙ্গিত মেলে। সেখানে তাদের সামনে বড় হয়ে দাঁড়ান এক সময়ে তাদের ঘরের ছেলে বনে যাওয়া সোলেমান দিয়াবাতে। টানা ৬ বছর সাদা-কালোদের তাঁবুতে কাটিয়েছেন এই মালির ফরোয়ার্ড। ফেডারেশন কাপ ও লীগ শিরোপা জয়ের পেছনে তার অবদানই যে বড় ছিল। সেই সুলেমান দিয়াবাতে এবারের মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডে। তার কল্যাণেই সাদা-কালোদের হারায় আবাহনী। যদিও ম্যাচে সমতা সূচক গোলটি করেছেন তরুণ মিরাজুল ইসলাম। ম্যাচের ১৭তম মিনিটে এমেকা ওগবুহ পাস থেকে একজনকে কাটিয়ে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি। ৬৬ মিনিটে আরও একটি দুর্দান্ত পাসে আবাহনীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এমেকা। তিন ফুটবলারকে কাটিয়ে কাটব্যাকে সুলেমান দিয়াবাতের কাছে বল পাঠান। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোলটি করেন দিয়াবাতে। শেষ দিকে মোহামেডান আর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে যাওয়া সাদা-কালোরা ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে। অন্যদিকে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে আবাহনী। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।
এদিকে দিনের অন্য ম্যাচে ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ব্রাদার্সের হয়ে জোড়া গোল করেন শায়াক। এ জয়ে ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে উঠে এলো ব্রাদার্স। ১০ পয়েন্ট নিয়ে নয়ে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ২-০ গোলে হারিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। এ নিয়ে ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আট নম্বরে পিডব্লিউডি। সমান ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে চারে রহমতগঞ্জ।
মোজাফফরভের অলিম্পিক গোলের পর দিয়াবাতের ম্যাজিক জয় আবাহনীর
স্পোর্টস রিপোর্টার
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
