ঢাকায় দুই ভেন্যুতে সাফ থাকছে ভিএআর!

ঢাকায় দুই ভেন্যুতে সাফ থাকছে ভিএআর!

ফন্ট সাইজ:

আগামী মাসে ভারতের গোয়ায় বসছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। আসরটিতে অংশ নিবে না পাকিস্তান। যে কারণে ছয় দেশ নিয়েই নারী সাফ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সাউথ এশিয়ান ফুটবল কনফেডারেশন (সাফ)। নারী সাফের পাশাপাশি পুরুষ সাফ নিয়েও তোড়জোড় শুরু করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থা। জানা গেছে পুরুষ সাফের এবারের আসর বসবে ঢাকায়। দুই ভেন্যুতে হতে পারে এবারের আসর। সাউথ এশিয়ার কোনো টুর্নামেন্টে প্রথম বারের মতো থাকতে পারে ভিএআর প্রযুক্তি।
সর্বশেষ ২০২৩ সালে ভারতের ব্যাঙ্গালুরুতে হয়েছিল সাফ চ্যাম্পিয়নশিপ। গত বছর শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসরটি। ২০২৫ সালের এপ্রিলে নানা কারণে সাফ ফুটবল স্থগিত করে সাফ। এরপর শ্রীলঙ্কাও আয়োজক হতে পারবে না বলে জানিয়ে দেয়। সে কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগ্রহের ভিত্তিতে ঢাকাকে বেছে নেয়ার কথা শোনা যাচ্ছে। ২১শে সেপ্টেম্বর থেকে ৬ই অক্টোবর দু’টি ভেন্যুতে প্রতিযোগিতার আয়োজন করতে চান সাফের কর্তারা। সেই জন্য ঢাকা স্টেডিয়ামের সঙ্গে আলোচনায় আছে বসুন্ধরা কিংসও। একইসঙ্গে সাফের এই আসরে ভিডিও এসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি থাকতে পারে। তিন বার বাংলাদেশে হয়েছিল সাফ ফুটবল। প্রথমবার হওয়া ২০০৩ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের দলটি। ২০০৯ সালে আয়োজক বাংলাদেশ প্রতিযোগিতার সেমিফাইনাল খেলেছিল। সর্বশেষ ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছিল লাল-সবুজের দলটি। ওই আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ। মূলত হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে বাংলাদেশের ফুটবলে যে উন্মাদনা তৈরি হয়েছে, সেটি কাজে লাগিয়ে বাংলাদেশে সাফ আয়োজন করতে চায় দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় এমনটাই জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল। তিনি বলেন, ‘হামজার জন্য এখন বাংলাদেশে ফুটবলের জোয়ার চলছে। আমরা বাফুফের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বাংলাদেশে সাফ আয়োজনের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছি। সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আমরা পুরুষ সাফ করতে চাই। স্পন্সর নিয়ে আলাপ-আলোচনা চলছে। বিপণন প্রতিষ্ঠানের সঙ্গে কিছু সমন্বয় এবং নির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন এখনো বাকি।’ আর্থিক নিরাপত্তার বিষয়টি অনিশ্চিত থাকলেও সাফ সাধারণ সম্পাদক চাইছেন ছেলেদের সাফে ভিএআর প্রযুক্তি ব্যবহার করতে। এর কারণ ব্যাখ্যা করে সাফ সাধারণ সম্পাদক বলেন, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশনও (এএফসি) চায় সব আঞ্চলিক এসোসিয়েশন তাদের মূল প্রতিযোগিতায় অন্তত গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে ভিএআর ব্যবহার করুক। তাই আমরা সাফ চ্যাম্পিয়নশিপে এই প্রযুক্তি ব্যবহার করতে চাই।’ ২৫শে মে থেকে ৭ই জুন ভারতের গোয়ায় অনুষ্ঠিত হবে নারী সাফ। তবে এই টুর্নামেন্টের ভেন্যু ভারতে হওয়ায় খেলবে না পাকিস্তান। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাটেল বলেন, ‘পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের অংশগ্রহণের জন্য সময় চেয়েছিল। নির্ধারিত সময়ের পর তারা জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। ফলে ৬ দেশ নিয়ে হবে নারী সাফ টুর্নামেন্ট। এই মাসের শেষে ৬ দলের ড্র অনুষ্ঠিত হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন