সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে দুর্ভোগ

সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে দুর্ভোগ

ফন্ট সাইজ:

গাইবান্ধার সাঘাটা উপজেলায় একটিমাত্র ৫০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালে তীব্র জনবল সংকট দেখা দিয়েছে। ফলে রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন হাসপাতালটিতে আশপাশের এলাকা ও চরাঞ্চল থেকে গড়ে ৫ থেকে ৭ শতাধিক রোগী সেবা নিতে আসেন। তবে সেই তুলনায় নেই প্রয়োজনীয় জনবল। ফলে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান সেবা নিতে আসা রোগীরা। আউটডোর ও ইনডোর মিলিয়ে প্রতিদিন ব্যাপক রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর পাশাপাশি স্বজনদের উপস্থিতিতে প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষের ভিড় জমছে হাসপাতালে। অথচ এ বিশাল চাপের বিপরীতে জনবল রয়েছে হাতেগোনা কয়েকজন। হাসপাতাল সূত্রে জানা যায়, ৩য় ও ৪র্থ শ্রেণির মোট ৫১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এর মধ্যে প্রধান সহকারী, অ্যাকাউন্টেন্ট, স্যাকমো, স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটরসহ গুরুত্বপূর্ণ অনেক পদ রয়েছে। এ ছাড়া ওয়ার্ড বয়, আয়া, ল্যাব অ্যাটেনডেন্ট, ওটি অ্যাটেনডেন্ট, পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীর মতো গুরুত্বপূর্ণ পদও শূন্য। হাসপাতালে চিকিৎসা নিতে আসা আব্দুল হালিম নামের এক রোগী জানান, সকাল থেকে বসে আছি। হাসপাতালের লোকজন কম থাকায় সেবা নিতে দেরি হচ্ছে। এ ছাড়া নৈশপ্রহরীর পদ শূন্য থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. মেহেদী হাসান তন্ময় জানান, জনবল সংকট থাকায় উন্নত সেবা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দের সঙ্গে কথা হলে তিনি জানান, অর্ধশত পদ শূন্য থাকায় সেবা বিঘ্নিতের খবর পাচ্ছি। জনবল চাহিদা দপ্তরে প্রেরণ করেছি। তবে এ পদগুলো পূরণ হলে সেবার মান আরও উন্নত হবে। স্থানীয়দের দাবি, দ্রুত শূন্য পদগুলোতে নিয়োগ প্রদান করা না হলে হাসপাতালের সেবা কার্যক্রম আরও ব্যাহত হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন