নন্দকুজা নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

নন্দকুজা নদী দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় শহরের বুকচিরে বয়ে যাওয়া নন্দকুজা নদীকে দখল-দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পৌর সদরের চাঁচকৈড় নতুন গো-হাটা সংলগ্ন নন্দকুজা নদীতে ফেলা ময়লা-আবর্জনার ওপর দাঁড়িয়ে থেকে ওই মানববন্ধন করেন পরিবেশকর্মী ও এলাকাবাসী। নন্দকুজার করুণ কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন- উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক আলী আক্‌কাছ, উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক এড. রাশিদুল ইসলাম, জীবনসঙ্গী ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম পিন্টু প্রমূখ। উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক এড. রাশিদুল ইসলাম বলেন- দখল-দূষণে নদীকে সংকুচিত করা হয়েছে। পৌরসভার ময়লা আবর্জনা ফেলার কারণে নদীটি ভাগাড়ে পরিণত হয়েছে। নদী রক্ষার্থে অনতিবিলম্বে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান তিনি। এ ছাড়া নদীর প্রতি অবহেলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা। উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক আলী আক্‌কাছ বলেন-গুরুদাসপুর পৌরসভায় ময়লা ফেলার ডাম্পিং স্টেশন না থাকায় সমস্ত আবর্জনা নন্দকুজার বুকে ফেলা হচ্ছে। দখল ও ময়লা ফেলায় নদী ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন-ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র পেলেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হবে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন