ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে কৃষক দল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত নেতা সোনাগাজীর ৫নং চরদরবেশ ইউনিয়ন কৃষক দলের সভাপতি বলে জানা যায়। তিনি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেনেরখিল গ্রামের বেন্ট বাড়ি রফিক উদ্দিনের ছেলে সেন্টু।
বিএনপি’র একাধিক নেতাকর্মী জানিয়েছেন, অভিযুক্ত সেন্টু চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা কৃষক দল নেতা শামছুদ্দিন খোকন ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদের অনুসারী।
জানা যায়, একই গ্রামের হাজী রমজান আলী বাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে টমটম চালক কামাল উদ্দিন সাত্তারের স্ত্রীকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে ৫ই এপ্রিল গভীর রাতে কৃষক দল নেতা সেন্টু তার বাড়িতে যায়। এ সময় স্বামীর অনুপস্থিতি টের পেয়ে গৃহবধূকে রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে সেন্টু। একপর্যায়ে গৃহবধূ চিৎকার দিলে তার স্বামী কামাল উদ্দিন এসে হাতেনাতে রান্না ঘরে আপত্তিকর অবস্থায় তাদের ধরে ফেলে।
কামাল উদ্দিন সাত্তার কৃষক দল নেতা সেন্টুকে তার বাড়িতে এত রাতে আসার কারণ জানতে চাইলে সেন্টু তাদের জানে মেরে ফেলার হুমকি-ধমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরদিন এ ঘটনা পাড়া-প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর টমটম চালক কামাল উদ্দিন সাত্তার তার স্ত্রীকে তালাক দেয় বলে এলাকাবাসী জানায়। এ ব্যাপারে গৃহবধূর স্বামী কামাল উদ্দিন সাত্তার বলেন আমি সরকারের কাছে লম্পট কৃষক দল নেতা সেন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঘটনার পর অভিযুক্ত কৃষক দল নেতা সেন্টু পলাতক রয়েছে।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ কৃষক দল নেতার বিরুদ্ধে
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
