বিদায় নিচ্ছেন লিভারপুলের ‘সত্যিকারের কিংবদন্তি’ রবার্টসন

ফন্ট সাইজ:

লিভারপুলে শেষ হচ্ছে অ্যান্ডি রবার্টসনের নয় বছরের বর্ণিল অধ্যায়ের। ২০১৭ তে ৮০ লাখ পাউন্ডে হাল সিটি থেকে আসা সেই তরুণ এই গ্রীষ্মে অ্যানফিল্ড ছাড়ছেন ‘সত্যিকারের কিংবদন্তি’ তকমা নিয়ে। বৃহস্পতিবার ক্লাব ও খেলোয়াড় উভয়পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অলরেডদের জার্সিতে নয় বছরে নয়টি শিরোপা জিতেছেন ৩২ বছর বয়সী রবার্টসন। ৩৭৩ ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে তিনি জিতেছেন দু’টি করে প্রিমিয়ার লীগ ও লীগ কাপ, একটি করে চ্যাম্পিয়ন্স লীগ, এফএ কাপ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও কমিউনিটি শিল্ড। ইয়ুর্গেন ক্লপের সেই আক্রমণাত্মক দলের রক্ষণভাগে রবার্টসন ছিলেন অন্যতম ভরসার একজন। স্কটিশ তারকার বিদায়ী ঘোষণায় এক বিবৃতিতে লিভারপুল লেখে, ‘অ্যানফিল্ডে দারুণ সফল নয়টি মৌসুম কাটানোর পর স্কটল্যান্ডের অধিনায়ক এই গ্রীষ্মে তার চুক্তির মেয়াদ শেষে ক্লাব ছেড়ে যাবেন। তিনি বিদায় নেবেন সত্যিকারের কিংবদন্তি হিসেবেই।’ সময়ের চাকা এবং নতুন কৌশলের মিশেলে বর্তমানে একাদশে সুযোগ পাচ্ছেন না রবার্টসন। বোর্নমাউথ থেকে আগত মিলোস কেরকেসের দাপটে চলতি মৌসুমে স্রেফ ১৫টি ম্যাচে শুরুর একাদশে সুযোগ পান তিনি। জানুয়ারিতে টটেনহ্যাম হটস্পারে যাওয়ার গুঞ্জন উঠলেও, ক্লাবের চোট সমস্যার কারণে থেকে যান। তবে এবার বিদায়টাকেই সঠিক মনে করছেন স্কটল্যান্ড অধিনায়ক। আবেগঘন এক বার্তায় রবার্টসন বলেন, ‘লিভারপুল ছেড়ে যাওয়া সহজ নয়। গত নয় বছর এটি আমার পরিবারের অংশ ছিল। আমি জানি ফুটবল এগিয়ে যায়, তাই আক্ষেপহীন চিত্তেই বিদায় নিচ্ছি।’ রবার্টসনের সঙ্গে একই বছর অ্যানফিল্ডে আসেন মোহাম্মদ সালাহ। সেই মিশর অধিনায়কও চলে যাচ্ছেন এ মৌসুমের শেষেই। রবার্টসনের বিদায়ে আবেগঘন বার্তায় সালাহ লেখেন, ‘তোমার বন্ধু হতে পারা গর্বের। তুমি সব জিতেছো এবং কিংবদন্তি হিসেবেই বিদায় নিচ্ছ। আমি নিশ্চিত, আমাদের ফের দেখা হবে।’


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন