দোয়ারাবাজারে বিদেশে পাঠানোর নামে প্রতারণা, এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজারে বিদেশে পাঠানোর নামে প্রতারণা, এলাকাবাসীর মানববন্ধন

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদেশে পাঠানোর নামে সাধারণ মানুষের লাখ লাখ টাকা আত্মসাৎ ও কয়েকশ’ যুবককে বিদেশে নিয়ে মানবেতর পরিস্থিতির মুখে ঠেলে দেয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। গতকাল বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামে ফতেহপুর গ্রামের চিহ্নিত দালাল নিয়ামত আলী ও ওই চক্রের বিচার ও প্রতারণা বন্ধের দাবিতে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ?মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লক্ষ্মীপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র নিয়ামত আলী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থানের সুবাদে এক ভয়ঙ্কর প্রতারণার জাল বিস্তার করেছেন। বৈধ ভিসার প্রলোভন দেখিয়ে তিনি নিজ উপজেলা থেকেই অন্তত দুই থেকে আড়াইশ’ মানুষকে সৌদি আরবে নিয়ে গেছেন। কিন্তু সেখানে যাওয়ার পর দেখা যায় সব ভিসাই ভুয়া। ?ভুক্তভোগীদের দাবি, এলাকায় অবস্থানরত নিয়ামত আলীর মা চানফুল বেগম দালালি করে গ্রামের দরিদ্র মানুষদের প্রলুব্ধ করেন। তার কথা বিশ্বাস করে সহায়-সম্বল ও ভিটেমাটি বিক্রি করে টাকা তুলে দেন তাদের হাতে। অথচ সৌদি যাওয়ার পর শুরু হয় বিভীষিকা। সেখানে পুলিশি ধরপাকড়, জেল-জুলুম ও অমানুষিক নির্যাতনের শিকার হতে হয় প্রবাসীদের। এই সংকট থেকে মুক্তির নাম করে পুনরায় বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় এই চক্র। ?মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে আজিজুর রহমান ও আমজদ আলী বলেন, নিয়ামত আলী ও তার মা চানফুল বেগম এলাকার সহজ-সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। আমাদের সন্তানদের বিদেশে পাঠিয়ে জেল খাটানো হচ্ছে। আমরা অবিলম্বে এই চক্রের মূলহোতা নিয়ামত ও তার সহযোগীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ?ভুক্তভোগী আজিজুর রহমান ও মছব্বির মিয়া, রুবেল মিয়া বলেন, প্রশাসনের নীরবতার সুযোগে এই দালাল চক্র বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরও অনেক পরিবার পথে বসবে। ?রণভূমি গ্রামের এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- সুরত আলী, তারা মিয়া, হোসন আহমদ, ইলিয়াস আলীসহ এলাকার কয়েক শতাধিক ভুক্তভোগী ও সাধারণ মানুষ। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন। এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, অবিলম্বে দালাল চক্রের হোতাদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামবেন। জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম বলেন, বিদেশে নেয়ার নামে কেউ দালালি এবং প্রতারণা করে থাকলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন