শক্ত ঘাঁটিতে বিভক্তির মাশুল দিলো বিএনপি

পাবনা-৩ আসন

শক্ত ঘাঁটিতে বিভক্তির মাশুল দিলো বিএনপি

ফন্ট সাইজ:

চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত চলনবিল অধ্যুষিত সংসদীয় আসন পাবনা-৩। এ আসনে নাটকীয় লড়াই শেষে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মাদ আলী আছগার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী কৃষিবিদ মো. হাসান জাফির তুহিনকে ৩ হাজার ৪৬৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন। এর মধ্যে চাটমোহরে ২ লাখ ৬০ হাজার ১১৭ জন, ভাঙ্গুড়ায় ১ লাখ ৮ হাজার ৯৬৮ জন এবং ফরিদপুরে ১ লাখ ১৭ হাজার ৭১৯ জন ভোটার রয়েছেন। এবারের নির্বাচনে মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৪১ হাজার ৮১১টি, যা মোট ভোটারের ৭০.২২ শতাংশ। বাতিল হয়েছে ৬ হাজার ৬৮৩ ভোট এবং বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৫ হাজার ১২৮। পোস্টাল ভোটসহ দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট। দীর্ঘদিন পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনটি বিএনপি’র শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত হচ্ছিলো। তবে দলীয় অন্তঃকোন্দল ও বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণ ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য কে এম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে ৩৮ হাজার ২৭ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন। সংশ্লিষ্টদের মতে, বিদ্রোহী প্রার্থী না থাকলে ফলাফল ভিন্ন হতে পারতো। এদিকে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনের ১৭৭টি কেন্দ্রেই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন