কক্সবাজার সীমান্তে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাচার ও বিপরীতে মাদক প্রবেশের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সীমান্তবর্তী এলাকায় বিজিবি’র অভিযানে ভোজ্য তেল ও রসুন আটক হওয়ার ঘটনায় এই চক্রের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত টিভি টাওয়ার রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ লিটার সয়াবিন তেল ও ১১৬ কেজি রসুন আটক করে। এ ছাড়া গত এক সপ্তাহে পৃথক অভিযানে আরও ১৪২ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, ভোজ্য তেল দেশের একটি সংবেদনশীল পণ্য। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতা রোধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সীমান্তের একটি অংশে নিত্যপণ্য পাচার করে মিয়ানমারে পাঠানো হচ্ছে, আর বিপরীতে দেশে ঢুকছে ইয়াবাসহ বিভিন্ন মাদক। এই পুরো প্রক্রিয়ায় স্থানীয় কিছু দালালচক্র ও রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক নেটওয়ার্ক সক্রিয় ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কাঁটাতারের বেড়া থাকা সত্ত্বেও বিভিন্ন গোপন রুট ব্যবহার করে এই পাচার কার্যক্রম চালানো হচ্ছে।
এতে একদিকে দেশের নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ছে, অন্যদিকে মাদক বিস্তারের ঝুঁকি বাড়ছে। এ অবস্থায় সীমান্তে চোরাচালান ও মাদক প্রবাহ বন্ধে আরও কঠোর নজরদারি এবং জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
মিয়ানমারে যাচ্ছে নিত্যপণ্য আসছে মাদক
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
