বড় ভাই বিএনপি’র প্রার্থী আর ছোট ভাই জামায়াতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান (দাঁড়িপাল্লা)। তিনি ১ লাখ ৮ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও বড় ভাই বিএনপি’র প্রার্থী মো. আজিজুর রহমান (ধানের শীষ)। তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪২৩ ভোট। এটি হলো কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজীবপুর) আসন। আলোচিত এ আসনে ভাই-ভাই লড়াইয়ে বড় ভাইকে হারিয়ে জয় পেয়েছেন ছোট ভাই। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬২ হাজার ৭৫৩ জন। পোস্টাল ব্যালটে বৈধ ভোট পড়েছে ২ হাজার ৮৪৫টি। এ আসনে ভোটের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৩টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জেলার সব আসনের ফলাফল ঘোষণা করেন। কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে জামায়াতের এ প্রার্থীর জয়ের বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি’র মো. আজিজুর রহমান, জাতীয় পার্টির (জাপা) কে এম ফজলুল মণ্ডল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হাফিজুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) শেখ মোহাম্মদ আব্দুল খালেক, বাসদ (মার্কসবাদী) রাজু আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. রুকুনুজ্জামান শাহীন। ফলাফল ঘোষণার পর শুক্রবার সকালে জামায়াতে ইসলামী বিজয়ী প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান জানান, রাজনীতির মাঠে তার বড় ভাই গুরুজন। আমার বড় ভাই রাজনৈতিকভাবে অভিজ্ঞ। এক সময় আমি তার হাত ধরেই রাজনীতি শুরু করেছিলাম। তাকে সঙ্গে রেখেই উন্নয়ন পরিকল্পনা করতে চান। এই জয়-পরাজয় যেন আমাদের পারিবারিক বিরোধ তৈরি না করে সেজন্য দোয়া চাই। তিনি আরও বলেন, জনগণ উন্নয়ন ও নীতির পক্ষে ভোট দিয়ে তাদের রায় দিয়েছেন। এখন আমি সবার প্রতিনিধি হয়ে সেবা করতে চাই। বড় ভাই, আমার দলের এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সমর্থকসহ দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই কুড়িগ্রাম-৪ আসনের উন্নয়ন কাজ করতে চাই।
বড় ভাই বিএনপি’র-ছোট ভাই জামায়াতের প্রার্থী
কুড়িগ্রাম-৪ আসনে ভাই-ভাই লড়াইয়ে ছোট ভাইয়ের জয়
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
