দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে আলোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন আবারো প্রমাণ করলো তার রাজনৈতিক গুরুত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। সরকারি ঘোষিত চূড়ান্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহম্মদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। দুই উপজেলার মোট ১১৫টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, উখিয়ার ৫৪টি এবং টেকনাফের ৬১টি কেন্দ্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ভোট গণনার শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান ওঠানামা করলেও শেষ পর্যন্ত ১ হাজার ৫৪৯ ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন শাহজাহান চৌধুরী। এই জয়ের মধ্যদিয়ে পঞ্চমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি। এর আগে চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে জাতীয় সংসদের হুইপসহ গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক ভিত্তি তার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। ১৯৮৬ সালে উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত হয় কক্সবাজার-৪ আসন। নির্বাচনী ইতিহাসে দেখা গেছে, এ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছেন, জাতীয় পর্যায়েও সেই দল সরকার গঠন করেছে। ১৯৯১ ও ২০০১ সালে বিএনপি’র বিজয়ের সময় কেন্দ্রেও বিএনপি সরকার গঠন করে। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হলে কেন্দ্রেও সরকার গঠন করে আওয়ামী লীগ। সর্বশেষ নির্বাচনেও সেই ধারাবাহিকতা বজায় থাকায় আসনটিকে স্থানীয়ভাবে ‘ভাগ্য নির্ধারণী’ হিসেবে আখ্যা দেয়া হয়। ফলাফল ঘোষণার পর উখিয়া ও টেকনাফ জুড়ে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ ও আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজয়োত্তর প্রতিক্রিয়ায় শাহজাহান চৌধুরী বলেন, এই জয় উখিয়া-টেকনাফবাসীর। তিনি সকলের সহযোগিতায় এলাকার উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কক্সবাজার-৪
‘ভাগ্য নির্ধারণী’ আসনে আবারো ধানের শীষ
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
