রংপুরে নির্বাচনে জয়-পরাজয়ের নেপথ্যে নানা গুঞ্জন

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে ঘিরে বিভাগীয় জেলা রংপুরে জয়-পরাজয়ের নেপথ্যে ব্যাপক গুঞ্জন উঠেছে। চলছে চুলচেরা বিশ্লেষণ। রংপুর জেলার ৬ আসনে জামায়াতে ইসলামী জয়ী হওয়ায় বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ভোটারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রংপুর-৪ আসন (পীরগাছা-কাউনিয়া) বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার বিশাল ভোটব্যাংক ছিল। অথচ সেখানে নতুন মুখ এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেনকে জয়ী দেখানো হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট পুনঃগণনার আবেদন করেছেন। এদিকে জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রংপুর জাতীয় পার্টির দুর্গ। আমরা ধরে নিলাম জেলার ৬টি আসনের মধ্যে অন্যান্য আসনে প্রার্থী জয়ী না হলেও রংপুর-৩ আসন জাতীয় পার্টির হেভিওয়েট প্রার্থী দলের চেয়ারম্যান জিএম কাদেরের লাঙ্গলের এখনো রয়েছে ভোটব্যাংক। কিন্তু রহস্যজনকভাবে নির্বাচন পরবর্তীতে জাতীয় পার্টির দুর্গ রংপুরে ছক্কা হাঁকিয়েছে জামায়াতে ইসলামী। স্বাধীনতার পর প্রথমবারের মতো রংপুরে আসন পেয়েছে জামায়াত। এর ওপর ছয় আসনেই তাদের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। নির্বাচনের ফলাফল জানান দিচ্ছে রংপুরসহ উত্তরাঞ্চল জাতীয় পার্টির নয়, এখন জামায়াতের শক্ত ঘাঁটি। উত্তরাঞ্চলকে গুরুত্ব না দেয়াসহ সাংগঠনিক দুর্বলতা রংপুরে বিএনপি’র প্রার্থী নির্বাচনে ভরাডুবির কারণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জানা যায়, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে ১ লাখ ৪৭ হাজার ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন জামায়াতের রায়হান সিরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মোকাররম হোসেন সুজন পান ৬৯ হাজার ১৩১ ভোট। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ১ লাখ ৩৫ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের সিনিয়র নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র মোহাম্মদ আলী সরকার পান ৮০ হাজার ৫৩৮ ভোট। রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে ১ লাখ ৭৮ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের মাহবুবুর রহমান বেলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সামসুজ্জামান সামু পান ৮৫ হাজার ৪৯৮ ভোট। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র এমদাদুল হক ভরসা পান ১ লাখ ৪০ হাজার ৫৬৪ ভোট। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ১ লাখ ৭৬ হাজার ৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের গোলাম রব্বানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র গোলাম রব্বানী পান ১ লাখ ১৫ হাজার ১১৬ ভোট। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতের নুরুল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সাইফুল ইসলাম পান ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও রংপুর-৩ আসনে নবনির্বাচিত প্রার্থী মাহবুবুর রহমান বেলাল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রমাণ করেছে রংপুর এখন জাতীয় পার্টির নয়, জামায়াতের ঘাঁটি। আমরা সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছি। দলের নেতাকর্মীরা কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজিসহ কোনো অনিয়মের সঙ্গে জড়িত ছিল না। তাই এই নির্বাচনে রংপুরের ভোটাররা ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করেছে।
সুজন রংপুর মহানগরের সভাপতি এড. জোবাইদুল ইসলাম বলেন, বিএনপি’র দুর্বলতার কারণে রংপুরের ৬টি আসনে জামায়াতের জয় হয়েছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর জনগণের কাছে বিএনপি নেতাদের নামে নেগেটিভ ইমেজ তৈরি, দলের ভেতর কোন্দল, নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়ায় এবার নির্বাচনে রংপুরে দীর্ঘদিন পর বিএনপি’র জয়লাভের সুযোগ হাতছাড়া হয়েছে। আর সেই সুযোগকে কাজে লাগিয়েছে জামায়াত। অপরদিকে জাতীয় পার্টি যে উদ্যমে নির্বাচনী প্রচারণা চালানোর কথা ছিল, আমরা সেটি দেখিনি। জাতীয় পার্টির একাধিক নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, নির্বাচনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ষড়যন্ত্রে সফল হতে না পেরে কৌশলগত ভাবে দলের চেয়ারম্যান রংপুর-৩ আসনের প্রার্থী জিএম কাদেরসহ দলের অন্য প্রার্থীদের নির্বাচনে হারিয়েছে। পূর্বশালবন এলাকার ভোটার লুলু বলেন, আরসিসিআই স্কুল ভোট কেন্দ্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের যে ভোট দেখানো হয়েছে তা হাস্যকর। নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রংপুর সদরে জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলালের তেমন কোনো ইমেজ নেই। অথচ বিপুল ভোটের ব্যবধানে তাকে রহস্যজনকভাবে জয়ী দেখানো হয়েছে। আমরা দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, ঘোষণা আসলে আন্দোলনের মাঠে নেমে পড়বো। ইসলামী আন্দোলনের নেতা মুসলিম জিহাদী বলেন, এই নির্বাচন পাতানো নির্বাচন। এর ফলাফলকে আমরা প্রত্যাখ্যান করছি।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন