মৌলভীবাজার-৪ আসনে জামানত হারালেন এনসিপি প্রার্থী

মৌলভীবাজার-৪ আসনে জামানত হারালেন এনসিপি প্রার্থী

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে ভরাডুবির মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী প্রীতম দাস। মোট বৈধ ভোটের বিপরীতে মাত্র এক দশমিক ৭০ শতাংশ ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৫৮ হাজার ৮৭২টি। এনসিপি প্রার্থী প্রীতম দাস পেয়েছেন মাত্র ৪ হাজার ৪২৬ ভোট। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সে হিসেবে প্রয়োজনীয় ভোটের ধারে-কাছেও যেতে পারেননি তিনি। এ আসনে ১ লাখ ৬৯ হাজার ৬০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তার নিকটতম প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী শেখ নূরে আলম হামিদী পেয়েছেন ৪৯ হাজার ১৮৯ ভোট। শুধু এনসিপি প্রার্থীই নন, এই আসনে আরও দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন- বাসদের আবুল হাসান (মই প্রতীক) ৯৭৯, জাতীয় পার্টির জরিপ হোসেন (লাঙ্গল প্রতীক) ৯১০।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন