সিলেট বিভাগে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হাজী মুজিব

সিলেট বিভাগে সর্বোচ্চ ব্যবধানে বিজয়ী হাজী মুজিব

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে দ্বিতীয় গোপালগঞ্জ খ্যাত এই আসনে হাজী মুজিব তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ১ লক্ষ ২০ হাজার ৬৭৩ ভোটের ব্যবধানে বিজয়ী হন। যা সিলেট বিভাগে ১৯টি আসনে ভোটের সর্বাধিক ব্যবধান। পোস্টাল ভোটসহ তিনি ১ লাখ ৭০ হাজার ৮৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী রিকশা প্রতীকে ভোট পেয়েছেন ৫০ হাজার ২০৪ ভোট।
ভোটে নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী বলেন, এ বিজয় এলাকার মানুষের। এলাকার মানুষের ভালোবাসার জন্য তিনি তাদের কাছে ঋণি হয়ে থাকবেন। তিনি বলেন, এ এলাকার মানুষ যেভাবে ধানের শীষকে মূল্যায়ন করেছেন এখন আমার কাজ হলো এর প্রতিদান দেয়া।
এদিকে সিলেট বিভাগে দ্বিতীয় সার্বাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন এই আসনের কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান সিলেট-৪ আসন থেকে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী থেকে তার ভোটের ব্যবধান ১ লাখ ১৫ হাজার ৪৫৫ ভোট।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন