নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো. বেলায়েত হোসেন। তিনি রূপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন। বুধবার দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় দেন। দণ্ডিত বেলায়েত সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বেলায়েত ২০১২ সালের ২১শে নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪শে এপ্রিল পর্যন্ত রূপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করা অবস্থায় ৫৬ জন গ্রাহকের স্বাক্ষর জাল করে নগদ তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা উত্তোলন ও স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করে। যাহা দুদকের প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। মামলাটি তদন্ত করে দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগপত্র দাখিল করেন। আদালতে মামলাটি পরিচালনা করেন নোয়াখালী দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ জহির উদ্দিন। দুদকের আইনজীবী মোহাম্মদ জহির উদ্দিন বলেন, আদালত ৫৬ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে তিন ধারায় আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তিন কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৯৪ টাকা জরিমানা করেন। আসামি বেলায়েত হোসেন পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
সোনাইমুড়ীতে গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
