চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জিংক কারখানায় সংস্কার কাজের সময় লোহার রেলিং শেড ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার বার আউলিয়া সাগর উপকূল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. ফারুক (৪২), পেশায় কন্ট্রাক্টর এবং মো. জহির (২৪)। জানা গেছে, জহির কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা আবু তাহেরের ছেলে এবং ফারুক নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মোল্লাবাড়ি গ্রামের নেছার আহমেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বার আউলিয়া সাগর উপকূলে অবস্থিত অল ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি জিংক অ্যাশ উৎপাদনকারী কারখানায় কিছুদিন আগে কালবৈশাখী ঝড়ে রেলিং শেড ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সকালে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত শেডটি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ পুরো লোহার শেডটি ভেঙে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই শ্রমিক। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। জানা গেছে, চট্টগ্রামের সন্দ্বীপ এলাকার তুহিনের মালিকানাধীন এই কারখানায় রোলিং মিলের লোহার গুঁড়ি থেকে জিংক অ্যাশ উৎপাদন করে বিদেশে, বিশেষ করে চীনে রপ্তানি করা হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং শ্রমিকদের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
সীতাকুণ্ডে জিংক কারখানার শেড ধসে নিহত ২ শ্রমিক
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
