কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন খোকসা পৌরসভার স্টোরকিপার মো. জসিম উদ্দিন। মঙ্গলবার তিনি খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহানের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। মো. জসিম উদ্দিন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সালে খোকসা পৌরসভায় স্টোরকিপার পদে যোগদান করেন। দীর্ঘ ১৯ বছর দায়িত্ব পালন শেষে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে জনসেবার উদ্দেশ্যে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে মো. জসিম উদ্দিন বলেন, ছাত্রজীবন থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। খোকসা পৌর ছাত্রদল ও পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন রাজপথে থেকে দায়িত্ব পালন করেছি। তবে চাকরিতে থেকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়। তাই এলাকার মানুষের অধিকার আদায় এবং খোকসা পৌরসভাকে একটি আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। দলের মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি বলেন, দলে অনেক যোগ্য প্রার্থী আছেন, আমিও মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে ভালো। তবে যদি দল থেকে অন্য সিদ্ধান্ত আসে, তবুও আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকবো। এ বিষয়ে খোকসা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. তাসমিন জাহান বলেন, মো. জসিম উদ্দিন অব্যাহতিপত্র জমা দিয়েছেন এবং আমরা তা গ্রহণ করেছি। বিধি মোতাবেক পদত্যাগপত্রটি জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুষ্টিয়ায় মেয়র প্রার্থী হতে চাকরি ছাড়লেন স্টোরকিপার জসিম উদ্দিন
কুষ্টিয়া প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
