রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে একাধিক বানান ভুলের ঘটনা সামনে এসেছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, রেজিস্ট্রার দপ্তরে কর্মরত এডিশনাল রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান (বর্তমানে দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার) এবং উপ-রেজিস্ট্রার মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে মোট ১০টি বানান ভুল রয়েছে। একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক চিঠিতে এমন অসংখ্য ভুল থাকায় দপ্তরের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া, বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ‘শিউলিমালা’ হলের সঠিক নাম উল্লেখ না করে ‘শিউলিমালা মুজিব হল’ নামে উল্লেখ করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। হলের নাম ভুলভাবে উপস্থাপন করায় শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেনÑ প্রশাসনিক গুরুত্বপূর্ণ নথিতে এ ধরনের বানান ভুল অত্যন্ত দুঃখজনক এবং এটি সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতার প্রতিফলন। তারা দ্রুত বিজ্ঞপ্তিটি সংশোধনের দাবি জানান। অন্যদিকে, কয়েকজন শিক্ষকও উদ্বেগ প্রকাশ করে বলেনÑ অফিসিয়াল চিঠিপত্রে এ ধরনের ভুল প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। ভবিষ্যতে এ ধরনের ত্রুটি এড়াতে সংশ্লিষ্টদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। এদিকে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে সচেতন মহল মনে করছেনÑ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিতে এ ধরনের হতাশাজনক ভুল দায়িত্বশীলতার অভাব নির্দেশ করে এবং এতে সংশ্লিষ্টদের যোগ্যতা নিয়েও প্রশ্ন ওঠে। দ্রুত প্রয়োজনীয় সংশোধনী ও ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করছেন তারা।
নজরুল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার দপ্তরের জরুরি বিজ্ঞপ্তিতে ১০ বানান ভুল
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
