ভিসা, কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) ও অন্যান্য কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে পশ্চিমা বিশ্বের ১৩টি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও বৃটেন। এতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রুখতে দেশগুলো যৌথভাবে দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে। ঢাকায় জার্মান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এ নির্দেশনার কথা জানানো হয়। এতে বলা হয়, ভিসার আবেদন করতে হলে দেশের নির্ধারিত সরকারি আইনি প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণ করতে হবে। আবেদনকারীদের সতর্ক করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই যেন জাল কাগজপত্র ব্যবহার বা অবিশ্বস্ত ও লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা না নেয়া হয়। একই সঙ্গে অননুমোদিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়েছে। ভিসা প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা অসত্য তথ্যের আশ্রয় নিলে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত আসতে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। এ ছাড়া আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী গুরুতর আইনি জটিলতার সম্মুখীন হওয়ার প্রবল ঝুঁকি রয়েছে। কোনো দেশের মিশন বা দূতাবাস কোনো নির্দিষ্ট এজেন্টের সঙ্গে বাণিজ্যিক বা প্রাতিষ্ঠানিক সম্পর্কে যুক্ত নয়। যারা ভিসা পাইয়ে দেয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা বা প্রভাব বিস্তারের দাবি করে, তারা মূলত প্রতারক চক্রের অংশ। এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করতে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।
ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের ১৩ দেশের সতর্কবার্তা
মানবজমিন ডেস্ক
৯ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
