মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে একের পর এক জ্বালানিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের একটি জাহাজ এবং ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরেকটি জাহাজ বুধবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে।
বিপিসি’র কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজগুলো জেটিতে ভিড়লেই দ্রুততার সঙ্গে খালাস কার্যক্রম শুরু করা হবে। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও জ্বালানির আমদানি ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে বিপিসি কাজ করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা বলেন, ‘মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে “এমটি সেন্ট্রাল স্টার” নামের একটি জাহাজ আগামী ৮ই এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। একইদিনে প্রায় ২৫ হাজার টন ফার্নেস অয়েল নিয়ে বহির্নোঙরে পৌঁছাবে “এমটি ইস্টার্ন কুইন্স” নামের অপর একটি জাহাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে জাহাজ বন্দরে আসছে। যুদ্ধ শুরুর পর থেকে ৩১শে মার্চ পর্যন্ত মোট ৩৮টি জাহাজ বিভিন্ন ধরনের জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এ ছাড়া চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই আরও ৬টি জাহাজ বন্দরে এসেছে।
অন্যদিকে, এলপিজি ও এলএনজি বহনকারী আরও দু’টি জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। নাইজেরিয়া থেকে আসা ‘কুল ভয়েজার’ জাহাজে রয়েছে এলএনজি, যার স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এ ছাড়া, চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’ নামের জাহাজটি, যার স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস শেষে জাহাজ দু’টি বুধবার বন্দর ত্যাগ করবে বলে জানা গেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, বর্তমানে বন্দরের জলসীমায় এলপিজি ও এলএনজি বহনকারী দু’টি জাহাজ অবস্থান করছে এবং মোট চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে। এর মধ্যে গত ৩১শে মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ এবং ৩রা এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামের আরও দু’টি জাহাজ বন্দরে আসে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে।
বুধবার চট্টগ্রাম বন্দরে আসছে অকটেন-ফার্নেস অয়েলের ২ জাহাজ
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
