লক্ষ্মীপুরের কমলনগরে গর্ব সম্মাননা পদক পেয়েছেন পুলিশ সদস্য মেহেদী হাসান দোলন। গত শুক্রবার (৩রা এপ্রিল) সানরাইজ ক্লাব কর্তৃক আয়োজিত কমলনগর গর্ব সম্মানা পদক পেয়েছেন তিনি। ওইদিন আইনশৃঙ্খলার পাশাপাশি মানবসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় সংসদের হুইপ স্থানীয় সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান তার হাতে সম্মাননা পদক তুলে দেন। জানা যায়- উপজেলার পাটারিরহাট এলাকার মো. ফারুকের ছেলে দোলন ছাত্র জীবন থেকে অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে ছিলেন। তিনি ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে বর্তমানে ডিএমপি ঢাকার লালবাগ বিভাগে কর্মরত আছেন। পুলিশি সেবার পাশাপাশি বিভিন্ন মানব সেবায় অসামান্য অবদান রেখেই চলেছেন তিনি। তার এ সব কৃতিত্বের জন্য মাত্র ১০ বছরের চাকরি জীবনে পেয়েছেন সরকারি-বেসরকারি বিভিন্ন সম্মাননা পদক। তার এই দেশপ্রেম, বীরত্ব ও সেবামূলক কাজের প্রশংসার স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছেন আইজিপি পদক, পরিবেশ পদক, শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড, নেলসন ম্যান্ডেলা শান্তি পদক, নেপাল সরকারের পক্ষ থেকে পেয়েছেন নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সম্মাননা। খোঁজ নিয়ে জানা যায়, দোলন লক্ষ্মীপুরের কমলনগরসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় ১৭৫০ জন বিধবা কর্মোদ্যোগী নারীকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়া তিনি শিক্ষা বিমুখ ও ঝরেপড়া শিক্ষাবঞ্চিত শিশুদের জন্য ৪টি মানবিক পাঠশালা প্রতিষ্ঠা করেছেন যেখানে প্রায় ২৬৭ জন শিক্ষার্থী রয়েছে। তিনি ৪৭ জন সদস্য নিয়ে কমলনগরে প্রতিষ্ঠা করেছেন মেহেদী রাজা স্মৃতি ফাউন্ডেশন। ওই ফাউন্ডেশনের মাধ্যমে তিনি নদীভাঙ্গা ভূমিহীন অসহায় মানুষের জন্য করেছেন উন্মুক্ত গণ-কবরস্থান, স্কুল প্রতিষ্ঠা, অত্র অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচি, চিকিৎসা সেবা সহায়তা, ইত্যাদি মানবিক কর্মকাণ্ড করে আসছেন। করেছেন মুমূর্ষু রোগীদের রক্ত দিতে ব্লাড ক্রাইসিস মোমেন্ট টিম নামে একটি ব্লাড ডোনার গ্রুপ। এ বিষয়ে পুলিশ সদস্য দোলন বলেন- ছাত্র জীবন থেকেই আমি অসহায় মানুষের কল্যাণে কাজ করছি। কর্মজীবনে এসে প্রান্তিক পর্যায়ে তা বড় পরিসরে করার চেষ্টা করে যাচ্ছি। এ সব কাজ করেই আমি আত্মতৃপ্তি পাই।
কমলনগরে সম্মাননা পদক পেলেন পুলিশ সদস্য দোলন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
