ভোলায় জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে আটকের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ট হয়েছে। পরে মঙ্গলবার দুপুরে তার জামিন মঞ্জুর করা হয়। তার জামিন মঞ্জুর করেন ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু। এর আগে রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার জমজম টাওয়ারে তার বাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে গত সোমবার তাকে ভোলার আদালতে প্রেরণ করে পুলিশ। আটককৃত জামায়াতের ওই নারী কর্মীর নাম বিবি সাওদা। তিনি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তবে পুলিশ ও জামায়াতের অভিযোগ পাল্টাপাল্টি। ভোলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার জানান- ওই নারীকে গত রোববার রাতে রাষ্ট্র ও সরকারবিরোধী ফেসবুকে পোস্ট করায় তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী দায় স্বীকার করেন। পরে তাকে ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। তিনি আরও জানান, ওই নারী জামায়াতের কর্মী কিনা সেটি আটকের সময় জানা যায়নি। এদিকে ভোলা জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে গত সোমবার বিকালে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেকারি মো. হারুন অর রশিদ বলেন, কোনো ধরনের অপরাধের দালিলিক প্রমাণ ছাড়া বিবি সাওদাকে তার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। সাওদার একটি তিন বছরের বাক্প্রতিবন্ধী সন্তান রয়েছে। তিনি এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
ভোলায় জামায়াতের নারী কর্মীর জামিন
আটক নিয়ে পুলিশ ও জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ
ভোলা প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
