বাকৃবি কৃষিকন্যা হলে রান্নার বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ, ছাত্রীদের ক্ষোভ

বাকৃবি কৃষিকন্যা হলে রান্নার বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ, ছাত্রীদের ক্ষোভ

ফন্ট সাইজ:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রীদের আবাসিক কৃষিকন্যা হলের শিক্ষার্থীদের কাছে থেকে রান্নার বৈদ্যুতিক সরঞ্জাম (রাইস কুকার ও হিটার) জব্দ করেছে হল প্রশাসন। গত সোমবার হল প্রভোস্টের নির্দেশে হাউজ টিউটর ও কর্মকর্তা-কর্মচারীরা এসব সরঞ্জাম জব্দ করেন। তবে হল কর্তৃপক্ষের এমন কার্যক্রমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হলের ছাত্রীরা। হল কর্তৃপক্ষ সূত্রে জানা যায় যে, গত সোমবার বিকাল ৪টার পর থেকে হলের বিভিন্ন কক্ষে অভিযান চালায় হল কর্তৃপক্ষ। এতে শিক্ষার্থীদের কক্ষ থেকে ৪০ থেকে ৫০টি হিটার ও রাইস কুকার জব্দ করা হয় এবং ১৫টি হিটার ভেঙে ফেলা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কৃষিকন্যা হলের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হিটার বা ইনডাকশনগুলো ভাঙা হলো, এগুলো তো হল থেকে দেয়া হয়নি। হল কর্তৃপক্ষ ফাইনও করতে পারতো। যন্ত্রগুলো এভাবে নষ্ট করার ক্ষতিপূরণ কী দেয়া হবে আদৌ। নাম প্রকাশ না করা শর্তে আরেক শিক্ষার্থী বলেন, আমরা সারা বছর পানির কষ্ট সহ্য করি, সিটের কষ্টও মেনে নিয়ে চলছি। এখন আমাদের খাবারের কষ্টও করতে হচ্ছে। এই ভোগান্তির শেষ কোথায়। হলের ডাইনিংয়ের খাবার প্রায় সময়ই মানসম্মত থাকে না। এ বিষয়ে কৃষিকন্যা হল প্রভোস্ট অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, আমি উপাচার্যের নির্দেশে এসব জব্দ করেছি। হলের বিদুৎ লাইনগুলো হিটারের জন্য না। এগুলো শুধু লাইট ফ্যান ব্যবহারের জন্য। বারবার বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য উপাচার্যের অনুমতি নিয়ে স্থায়ী কর্মচারীও রাখতে হয়ছে। আবাসন সংকট ও রান্নাঘরে সিট বরাদ্দ নিয়ে তিনি বলেন, আবাসন সংকট নিরসনে আমি সর্বোচ্চ চেষ্টা করছি। কোনো কক্ষই ফাঁকা রাখা হয়নি এবং সিট বরাদ্দের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। থিসিস শেষ হওয়া মাত্রই শূন্য আসনে বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতিটি ফ্লোরে রান্নাঘর ছিল। কিন্তু রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষার্থীদের অতিরিক্ত অভিযোগের মাথায় রান্নাঘর বন্ধ করতে হয়েছে। ডাইনিং ব্যবস্থাপনা ও খাবারের মান নিয়ে তিনি বলেন, ডাইনিং সমস্যার দ্রুত সমস্যা সমাধানের জন্য বলেছি। আমি হাউজ টিউটর একজনকে দায়িত্বে দিবো। হঠাৎ তদন্তের জন্য যাবে কোনো সমস্যা হলে তখন ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন