দৈনিক মানবজমিনে সংবাদ প্রকাশের পর উপজেলার সাচনা-জামালগঞ্জ ফেরিঘাটে সিঁড়ি নির্মাণকাজে হঠাৎ গতি ফিরেছে। দীর্ঘদিন স্থবির থাকার পর চলতি সপ্তাহে ঠিকাদারি প্রতিষ্ঠান মালতি এন্টারপ্রাইজ ঢালাই কাজ শুরু করলেও নির্মাণের গুণগত মান নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। এতে স্থানীয়দের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। সরজমিন দেখা গেছে, সিঁড়ির বিমের গোড়া অনেকাংশে ফাঁকা রেখেই ঢালাই দেয়া হয়েছে। পরে সেখানে মাটি দিয়ে ভরাট করা হলেও কতোটা টেকসই হবে, তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। এ ছাড়া ঢালাই কাজে ব্যবহৃত পাথর যথাযথভাবে পরিষ্কার না করেই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা নির্মাণের স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে। স্থানীয়দের অভিযোগ, সংবাদ প্রকাশের পরপরই দায়সারা ও তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়েছে; কিন্তু মান নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো তদারকি নেই। এ বিষয়ে মালতি এন্টারপ্রাইজের মালিক বাপ্পি বলেন, বৃষ্টির পানিতে মাটি সরে গেছে। বালুমাটির কারণে তা সহজেই ধসে পড়ে। পরদিনই আমরা মাটি ভরাট করে দিয়েছি।
উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, বৃষ্টির ঢলে বালুমাটি সরে গিয়েছিল। এখন তা ভরাট করা হয়েছে। নিচে বিম থাকায় বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে স্থানীয়দের দাবি- শুধু কাজ শেষ করলেই হবে না; তা হতে হবে টেকসই, মানসম্মত ও নিরাপদ। অন্যথায় এই উন্নয়নই ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।
মানবজমিনে সংবাদ প্রকাশ
তড়িঘড়ি সিঁড়ি নির্মাণ মান নিয়ে প্রশ্ন
জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
