তিনদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মুখোমুখি বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। স্প্যানিশ লা লিগার পর আজ চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে দুই জায়ান্ট ক্লাব। লীগের শেষ দেখায় গত শনিবার শেষ মুহূর্তের গোলে জয় তুলে নেয় বার্সা। তাই ক্যাম্প ন্যুতে আজকের ম্যাচটি অ্যাটলেটিকোর জন্য প্রতিশোধের। অন্যদিকে, কাতালানদের প্রতিশোধের জায়গাটা আরও বড়। ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় এর আগে দুই আসরে এই কোয়ার্টারেই দেখা হয় দু’দলের। দু’বারই বার্সাকে ছিটকে দেয় দিয়েগো সিমিওনের দল! সেই প্রতিশোধের লক্ষ্যে আজ রাত ১টায় নামবে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
লা লিগা পয়েন্ট টেবিলে ৭ পয়েন্টের লিড নিয়ে বার্সার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। বিশেষ করে, চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোতে নিউক্যাসেল ইউনাইটেডকে দুই লেগ মিলিয়ে ৮-৩ গোলে হারানোর পর তাদের আত্মবিশ্বাসে কমতি থাকার কথা নয়। অপর দিকে, টানা তিন হারের তিক্ত স্বাদ নিয়ে নামছে সিমিওনের অ্যাটলেটিকো। তবে ইতিহাস রোহিব্লাঙ্কোসদের পক্ষেই। এর আগে ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টারে দেখা হয় দু’দলের। সেই দু’বারই জয়ের মালা পড়ে অ্যাটলেটি। সবকিছু বিবেচনায় রেখে প্রতিপক্ষকে সমীহ করেই বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমরা জানি, আমরা এমন এক অসাধারণ দলের মুখোমুখি হচ্ছি যাদের প্রচুর মানসম্পন্ন খেলোয়াড় আছে এবং সিমিওনের মতো বিশ্বের অন্যতম সেরা কোচ তাদের দায়িত্বে আছেন।’ অন্যদিকে, সিমিওনে মনে করেন ক্যাম্প ন্যুতে প্রথম লেগটি অত্যন্ত কঠিন হবে। তবে তার বিশ্বাস, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে সক্ষম তার দল। তিনি বলেন, ‘বার্সেলোনা আমাদের চেয়ে কিছুটা এগিয়ে আছে। তবে এটিই আমাদের সেরাটা দিয়ে লড়তে উদ্বুদ্ধ করবে।’
বার্সেলোনা শিবিরে চোট সমস্যা বেশ প্রকট। ফ্রেঙ্কি ডি ইয়ং, রাফিনহা এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে স্বাগতিকদের। তবে স্বস্তির খবর, সুস্থ হয়ে রক্ষণভাগে ফিরছেন রোনাল্ড আরাউহো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা মার্কা রাশফোর্ড এবং লামিন ইয়ামাল ফ্লিকের তুরুপের তাস হতে পারেন। স্বস্তি রয়েছে সফরকারী দলেও। অ্যাটলেটিকো শিবিরে ফিরেছেন অভিজ্ঞ গোলকিপার ইয়ান ওবলাক। আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ এবং আদেমোলা লুকম্যানকে ঘিরে ছক কষতে পারে সিমিওনে। চোটের কারণে পাবলো বারিওসের খেলা নিশ্চিত নয়।
প্রতিশোধের অপেক্ষায় লিভারপুলও
একই সময়ে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ প্যারিস সেইন্টা জার্মেই (পিএসজি)। পার্ক দে প্রিন্সেসে ইংলিশ জায়ান্টরা নামবে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে। গত মৌসুমে শেষ ষোলোর ম্যাচে এই পিএসজির বিপক্ষেই টাইব্রেকারে হেরে চ্যাম্পিয়নস লীগ মিশন শেষ হয় অলরেডদের। তাই আজকের ম্যাচটি আর্নে স্লটের দলের জন্যেও প্রতিশোধের। তবে সময়টা একেবারেই অনুকূলে নেই লিভারপুলের। চলতি মৌসুমে ইতিমধ্যে ১৫টি ম্যাচে তারা হার দেখেছে, যা ২০১৪-১৫ মৌসুমের পর দলের সর্বোচ্চ। তবে লিভারপুলের রক্ষণভাগ বেশ শক্তিশালী। আসরে আর্সেনালের পর দ্বিতীয় সর্বনিম্ন হিসেবে কেবল ৯টি গোল খেয়েছে তারা। অন্যদিকে, চ্যাম্পিয়নস লীগের চলতি মৌসুমে সর্বাধিক (২৪১) শটসহ সর্বাধিক লক্ষ্যে শট (২৪) রাখা ক্লাবটিও পিএসজি। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের আক্রমণভাগকে রুখতে স্লটের শিষ্যদের ভালো রকমের ঘামই ঝড়াতে হবে।
তিনদিনে দ্বিতীয়বার মুখোমুখি বার্সেলোনা অ্যাটলেটিকো
পুলক বিশ্বাস
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
