সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সিলেটে আদালতে হাজিরা দিয়েছেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ তিনজন। হাজিরা দেয়া অপর দুইজন হলেন হুইপ ও বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। গতকাল সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে তারা এ হাজিরা দেন। আইনজীবীরা জানান, আদালতে হাজির হয়ে তারা নিজেদের নির্দোষ দাবি করেন। একইসঙ্গে এই মামলাকে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন। এ সময় তারা মামলা থেকে নিজেদের অব্যাহতির দাবি জানান। আসামিপক্ষের আইনজীবী এটিএম ফয়েজ সাংবাদিকদের জানান, মামলার রায় প্রদানের আগে নিয়ম অনুযায়ী আদালতে আসামি পরীক্ষা করা হয়। এতে আরিফুল হক চৌধুরী, লুৎফুজ্জামান বাবার, জিকে গৌছসহ অন্য আসামিরা সশরীরে আদালতে হাজির হয়ে নিজেদের বক্তব্য উপস্থাপন করেন। এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন তারা। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আবুল হোসেন জানান, আসামি পরীক্ষা শেষে আদালত আগামী ২১শে এপ্রিল যুক্তিতর্কের তারিখ নির্ধারণ করেছেন। এর আগে বেলা ১২টার দিকে আরিফুল হক চৌধুরীসহ অন্য তিনজন আদালত চত্বরে এসে হাজির হন। মামলার শুনানির জন্য আদালতের নিরাপত্তাও জোরদার করা হয়। পরে শুনানিতে সিলেট জেলা পিপি আশিক উদ্দিন, মহানগর পিপি বদরুল আলম চৌধুরীসহ অনেকে অংশ নেন। ২০০৪ সালের ২১শে জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাইবাজারে একটি রাজনৈতিক সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। সেদিন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। গ্রেনেড বিস্ফোরণে যুবলীগের এক কর্মী ঘটনাস্থলে নিহত ও ২৯ জন আহত হন। হামলায় অল্পের জন্য রক্ষা পান সুরঞ্জিত সেনগুপ্ত। ওই ঘটনায় দিরাই থানার এসআই হেলাল উদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ২০২০ সালের ২২শে অক্টোবর সুরঞ্জিত সেনের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার দু’টি মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তৎকালীন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌছসহ ১০ জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়।
সিলেটের আদালতে হাজিরা দিলেন মন্ত্রী, হুইপ ও এমপি
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
