সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় বনদস্যু বাহীনির সদস্যের গুলিতে আতিয়ার রহমান (৬৩) নামে এক কাঁকড়া আহরণকারী জেলে গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আতিয়ার রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে সুন্দরবনের নির্দিষ্ট এলাকায় কাঁকড়া আহরণ করতে যান আতিয়ার রহমান। এসময় হঠাৎ করে বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
এসময় সঙ্গে থাকা জেলেরা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোঃ ফজলুল হক জানান, আনুমানিক দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার রহমান তাদের অফিসে এলে তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ ও কোস্ট গার্ডকে জানানো হয়েছে।
ঘটনার পর স্থানীয় জেলেদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তারা জানান, সুন্দরবনের বিভিন্ন খাল ও নদীতে প্রায়ই বনদস্যুদের তৎপরতা দেখা যায়। ফলে জেলে ও বনজীবীদের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ছে।
