গণঅভ্যুত্থানের সময় সহিংসতা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় দায়ের করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে তোলার প্রস্তুতি চলছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডিএমপির লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
এর আগে সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করে ডিবি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন শিরীন শারমিন। ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এর পর থেকে টানা এই দায়িত্বে ছিলেন। রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শিরীন শারমিন চৌধুরী।
