কেন্দুয়ায় আইনজীবীকে কুপিয়ে হত্যার চেষ্টা

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় আদালতে যাওয়ার পথে এক আইনজীবীকে উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা।
রোববার সকালে উপজেলার রোয়াইলবাড়ী-সাহিতপুর বাজার সড়কের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত আইনজীবী রফিকুল ইসলাম আমতলা গ্রামের বাসিন্দা এবং নেত্রকোণা বারের সদস্য। এ সময় সঙ্গে থাকা তার বড় ভাই অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানও মারাত্মকভাবে জখম হন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলাকারী প্রতিবেশীদের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিবেশী আনোয়ারের ভাই নুরুল আমিন (নুরু মিয়া) সম্প্রতি নিখোঁজ হয়েছেন। ওই ঘটনায় এডভোকেট রফিকুল ইসলামসহ তাদের পরিবারের লোকজন জড়িয়ে মামলা দায়েরে করা হয়েছে। ঘটনার দিন সকাল ৮টার দিকে এডভোকেট রফিকুল ইসলাম তার বড় ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নেত্রকোণা আদালতে যাওয়ার পথে একদল হামলাকারী তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে দুই জনকে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিবারের দাবি, এর আগেও দুইবার এডভোকেট রফিকুল ইসলামের ওপর হামলার চেষ্টা করা হয়েছিল। মূলত তাকে মেরে ফেলার জন্য বারবার তার ওপর হামলা করা হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন