জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পরস্পরবিরোধী অভিযোগ উঠেছে। ঘটনার সময়ে আহত হয়েছেন কয়েকজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের আটকা পড়া শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় ধাপে গ্রেস মার্ক নীতি পুনর্বিবেচনা ও পরীক্ষার খাতা দেখার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে কয়েকজনকে আহত করার অভিযোগ উঠেছে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, সোমবার দুপুরে গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয় গেটে তাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালিত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের বাইরে বের হওয়ার সময় তার সঙ্গে দেখা করতে গেলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ও কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটো পাসের দাবিতে আন্দোলনরত ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়ির উপর চড়াও হয়ে ওনাকে নাজেহাল করেছে। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমানুল্লাহ জানিয়েছেন, সামনের দিনগুলোতে শিক্ষার গুণগতমান বজায় রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অটো পাস এবং গ্রেস নিরুৎসাহিত করছে।
