সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাস জুড়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ষোলমাইল ও রুদ্রপুর এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসকে ৩ লাখ টাকা এবং রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। এদিকে ভূঁইয়াগাতি এলাকার মেসার্স এস অ্যান্ড বি ব্রিকসকে এপ্রিল মাস জুড়ে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ভাটার মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শাহিন আলম প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় সহকারী পরিচালক তুহিন আলম উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জানা গেছে, পরিবেশের ক্ষতি রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
রায়গঞ্জে ২ ইটভাটায় অভিযানে ৯ লাখ টাকা জরিমানা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
