“সিডিডিএল পরিদর্শন করলেন জাপানের আইসিন করপোরেশনের চেয়ারম্যান হারাগুচি”

ফন্ট সাইজ:

সম্প্রতি সিডিডিএল পরিদর্শন করেছেন আইসিন করপোরেশনের চেয়ারম্যান হারাগুচি। এ সময় আইসিন করপোরেশনের চেয়ারম্যান উন্নত নিরাপত্তা ও কারিগরি সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতকে সহায়তা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) মহা-ব্যবস্থাপক ক্যাপ্টেন আবুল হাসনাত মোদাশ্বের পিএসসি, বিএন।
সিডিডিএল পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় আইসিন চেয়ারম্যান হারাগুচি বলেন, কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানসম্মত সুরক্ষা প্রটোকল বাস্তবায়ন জরুরি। সিডিডিএলকে সুসংগঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সহ একটি মডেল সাইট হিসেবে চিহ্নিত করেন এবং সুরক্ষা উন্নয়ন উদ্যোগের জন্য এটিকে একটি পাইলট গন্তব্য হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়াও, তিনি আইসিন প্ল্যান্টের সিডিডিএল টেকনিশিয়ানদের জন্য জাপানে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব দেন, যার লক্ষ্য ছিল উন্নত কোটিং প্রযুক্তি, নিরাপত্তা ব্যবস্থাপনা পদ্ধতি এবং মান নিয়ন্ত্রণ কৌশলÑসম্ভবত বিনামূল্যেÑস্থানান্তর করা। তিনি জাপানের জন্য দক্ষ বাংলাদেশি প্রযুক্তিবিদ নিয়োগ, দীর্ঘমেয়াদি জ্ঞান হস্তান্তর এবং উৎপাদনশীলতা উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশ নৌবাহিনীর জনাব হাসনাত প্রতিনিধিদলকে স্বাগত জানান এবং শিপইয়ার্ড নিরাপত্তা ও কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে যৌথ উন্নয়নে দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
আইসিন চেয়ারম্যানের সহযোগিতাকে স্বাগত জানিয়ে সিডিডিএল মহাব্যবস্থাপক ক্যাপ্টেন আবুল হাসনাত মোদাশ্বের পিএসসি বলেন, সিডিডিএলের ভবিষ্যৎ পরিকল্পনায় আইসিনের সহযোগিতা লাগলে অবশ্যই জাপান-বাংলা ব্রিজ করপোরেশনের মাধ্যমে নেয়া হবে।
জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি (জেবিবিআরএ)-এর সহায়তায় গত বৃহস্পতিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জাপান-বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি লিমিটেডেরে মাধ্যমে সিডিডিএল থেকে দক্ষ-অদক্ষ শ্রমিক জাপানের বিভিন্ন শিপইয়ার্ডে নিয়োগ নিয়েও আলোচনা হয়। মতবিনিময় শেষে আইসিন করপোরেশনের পক্ষ থেকে ২০০টি শিল্পমানের সুরক্ষা মাস্ক প্রদান করেন চেয়ারম্যান মি. হারাগুচি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মি. আবে, ফরওয়ার্ড কো-অপারেটিভ পরিচালক মি. ইমাই ও সিডিডিএলের কর্মকর্তারা।
আইসিন করপোরেশন হলো ইমাবারি-ভিত্তিক একটি শিপইয়ার্ড কোটিং ও পেইন্টিং কোম্পানি, যা জাপানের জাহাজ নির্মাণ শিল্পে বাজারের শীর্ষস্থানীয় হিসেবে স্বীকৃত। জাপানের অন্যতম প্রধান জাহাজ নির্মাণ কেন্দ্র এহিমে প্রিফেকচারের ইমাবারি শহরে এর সদর দপ্তর অবস্থিত এবং এটি দেশের সামুদ্রিক খাতকে সহায়তা করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন