হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কম খরচে বেশি লাভ হওয়ায় দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। গবাদিপশুর খাদ্য তৈরিতে ভুট্টার ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় সারা বছর চাহিদা থাকে। অন্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, ঝুঁকিহীন, কম পরিশ্রমে বেশি ফসল, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় কৃষকরা দিন দিন আগ্রহী হয়ে উঠছেন। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, গত বছর উপজেলায় ৮ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। যা এ বছর বেড়ে ১৫ দশমিক ৫ হেক্টর হয়েছে। সরজমিন দেখা যায়, উপজেলার জগতপুর এলাকায় মাঠ জুড়ে কৃষকরা ভুট্টা চাষ করেছেন। এরইমধ্যে গাছে গাছে ফল এসেছে। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিঘাপ্রতি তাদের খরচ হয়েছে ৭-৮ হাজার টাকা। ফলন পাওয়া যাচ্ছে ৩০-৩৫ মণ। গত বছর প্রতি মণ ভুট্টার দাম ছিল ১ হাজার থেকে ১২০০ টাকা। চলতি বছর তা দেড় হাজার টাকা ছাড়িয়ে গেছে। দুলাল মিয়া নামে এক কৃষক জানান, তিনি প্রথমবারের মতো ৪০ শতাংশ জমিতে ভুট্টা আবাদ করেছেন। ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন তিনি। জগতপুর গ্রামের কৃষক গিয়াস উদ্দিন বলেন, আমি এ বছর ৪ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন ভালো হয়েছে। প্রতি বিঘায় ২০-২৫ মণ ভুট্টা হবে বলে আশা করছি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ বলেন, উপজেলায় ৩২৫৯ হেক্টর আবাদি জমি আছে। এ বছর ১৫ দশমিক ৫ হেক্টর জমিতে ভুট্টা আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৭.৫ হেক্টর বেশি। ভুট্টা চাষিদের বিভিন্ন সহযোগিতাসহ সরকারিভাবে সার ও বীজ দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন হবে।
শায়েস্তাগঞ্জে বাড়ছে ভুট্টার আবাদ
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
