ঈশ্বরদীতে ছাত্রদলনেতা হত্যার ঘটনায় প্রতিবাদ কর্মসূচি স্থগিত, থানায় মামলা

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্যসচিব ইমরান হোসেন হত্যার বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পূর্বঘোষিত মানববন্ধন ও সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। তবে এ ঘটনায় সোমবার সকালে ইমামুল প্রামাণিক এনামুল বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন। জানা যায়- গতকাল সকালে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন এবং সামনের সড়কে মানববন্ধন হওয়ার কথা ছিল। কিন্তু ‘অনিবার্য কারণ’ দেখিয়ে শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। এর আগে গত শনিবার রাতে ফেসবুক লাইভে এসে ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। সোমবার সরজমিন ঈশ্বরদী বাজার সড়ক ও প্রেস ক্লাব এলাকায় গিয়ে দেখা যায়, কর্মসূচিতে অংশ নিতে নারীসহ স্থানীয় দলীয় নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। সংবাদ সম্মেলনের জন্য ক্লাবের মিলনায়তনে ব্যানারও টাঙানো হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আয়োজকদের পক্ষ থেকে কর্মসূচি স্থগিতের খবর জানানো হলে বেলা ১১টার দিকে সমবেত নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন। ঠিক কী কারণে কর্মসূচিটি স্থগিত করা হলো, সে বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের কেউ সরাসরি কথা বলতে চাননি। এমনকি আয়োজক বা দলের দায়িত্বশীল কোনো নেতার পক্ষ থেকেও সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান জানান-পুলিশ হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সাঁড়া গোপালপুর উচ্চবিদ্যালয়ের পাশে একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে বসে ছিলেন ইমরান। এ সময় একদল মুখোশধারী দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন