কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন (মাস্টারকে) জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে মানহানিকর অপপ্রচার চালানো হচ্ছে- তার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ফুলবাড়ী উপজেলা বিএনপি। সোমবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র হাসপাতাল রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেনÑ উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার।
এ সময় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক ছাত্রদল ও যুবদল সভাপতি সামছুজ্জামান হাসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান, বিএনপি নেতা একরামুল হক, জয়নাল আবেদীন বাবুল, মোস্তাফিজার রহমান মুকুল, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মুসাব্বের আলী মুসা, শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম, বড়ভিটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাদল সরদার, ভাঙামোড় ইউনিয়ন বিএনপি’র সভাপতি রাসেল সরকার প্রিন্স, সাধারণ সম্পাদক লাল তালুকদারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আবুল হোসেন মাস্টার বলেন, গত ৫ই এপ্রিল বিকালে আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হেয়-প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার বাড়িতে জ্বালানি তেল মজুত আছে এরূপ মিথ্যা সংবাদ ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে প্রদান করে। উক্ত মিথ্যা সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আমার বাড়িতে অভিযানে যান। এ সময় তিনি আমার বাড়ি থেকে আমার গরুর খামারের দুধ বিক্রির জন্য ব্যবহৃত তিনটি জারিকেন উদ্ধার করেন। এ সংবাদটিকে একটি কুচক্রী মহল বিভিন্নভাবে রংচং এআই প্রযুক্তি ব্যবহার করে তেলের ড্রাম সংবলিত ভুয়া ফটোকার্ড ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর অপপ্রচারে লিপ্ত হয়। আমি এসব মানহানিকর অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সঙ্গে মিথ্যা অপপ্রচার চালানো ফেসবুক আইডিগুলো চিহ্নিত করে আইগত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করছি। সংবাদ সম্মেলনে ফুলবাড়ী প্রেস ক্লাব, প্রেস ক্লাব ফুলবাড়ী, সাংবাদিক ঐক্য পরিষদ ফুলবাড়ী, উপজেলা প্রেস ক্লাব ফুলবাড়ী এবং ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীতে বিএনপি’র সংবাদ সম্মেলন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
৭ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
